আবহাওয়া
ছবি: সংগৃহীত

সপ্তাহজুড়ে বৃষ্টি, চার বিভাগে ভারী বর্ষণের আভাস।

নিজেস্ব প্রতিবেদক: 

দেশের ওপর মৌসুমী বায়ু সক্রিয় অবস্থায় রয়েছে, আর এর প্রভাবে চলতি সপ্তাহজুড়ে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে। বিশেষ করে দেশের দক্ষিণাঞ্চল এবং পূর্বাঞ্চলে মাঝারি থেকে ভারী বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অফিস জানায়, মধ্য প্রদেশ ও তার আশপাশে অবস্থান করা সুস্পষ্ট লঘুচাপটি পশ্চিম-উত্তরপশ্চিম দিকে সরতে সরতে দুর্বল হয়ে মৌসুমী অক্ষরেখার সঙ্গে যুক্ত হয়েছে। এই অক্ষরেখা বর্তমানে রাজস্থান, উত্তর প্রদেশ, মধ্য প্রদেশ, বিহার, পশ্চিমবঙ্গ, বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে আসাম পর্যন্ত বিস্তৃত।

আবহাওয়ার সহকারী কর্মকর্তা আফরোজা সুলতানা জানান, সোমবার (২৮ জুলাই) সকাল ৯টা থেকে মঙ্গলবার সকাল ৯টা পর্যন্ত খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অনেক জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগে কিছু কিছু জায়গায় বৃষ্টিপাত হতে পারে। কিছু এলাকায় বজ্রপাত ও দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টির আশঙ্কাও রয়েছে।

পূর্বাভাস অনুযায়ী, ৩০ ও ৩১ জুলাই পর্যন্তও দেশের অধিকাংশ অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে। এর মধ্যে কয়েকটি এলাকায় ভারী বর্ষণ ঘটতে পারে।

১ আগস্ট (শুক্রবার) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকাসহ চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক এলাকায় এবং অন্যান্য বিভাগে বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। পাশাপাশি চারটি বিভাগের কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

এ সময়ে সারাদেশে তাপমাত্রা কিছুটা কমে যাওয়ার সম্ভাবনা থাকলেও সপ্তাহের শেষভাগে তা আবার কিছুটা বাড়তে পারে। বর্ধিত পাঁচ দিনে বৃষ্টির প্রবণতা আরও বাড়তে পারে বলেও জানিয়েছে অধিদপ্তর।

মতামত দিন