আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তর ও পূর্বাঞ্চলে ভারি বৃষ্টির সতর্কতা, সারাদেশেই দমকা হাওয়ার সম্ভাবনা।

নিজেস্ব প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টায় দেশের বিভিন্ন স্থানে দমকা হাওয়াসহ বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে মঙ্গলবার (২১ জুলাই) ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টি হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, উত্তর বঙ্গোপসাগরের উপর একটি সম্ভাব্য লঘুচাপ তৈরি হচ্ছে, যার প্রভাব আগামী দু-এক দিনের মধ্যেই বাংলাদেশের আবহাওয়ায় পড়তে শুরু করবে। এর ফলে দেশের দক্ষিণ-পূর্বাঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়বে।

বর্তমানে সক্রিয় মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় অবস্থায় রয়েছে এবং এটি রাজস্থান, উত্তর প্রদেশ, বিহার হয়ে বাংলাদেশের উত্তরাঞ্চল পর্যন্ত বিস্তৃত। এই বায়ুর প্রভাবে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি হতে পারে।

অধিদপ্তর আরও জানিয়েছে, দিন এবং রাতের তাপমাত্রায় সামান্য হ্রাস ঘটতে পারে। বরিশাল, রাজশাহী, খুলনা এবং রংপুর বিভাগের কিছু এলাকায় দু’একটি স্থানে দমকা হাওয়া এবং হালকা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এদিকে, আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, চলতি সপ্তাহে দেশের পূর্ব ও উত্তর-পূর্বাঞ্চলে একাধিক দফায় ভারি বর্ষণ হতে পারে, যা নদীর পানি বাড়াতে ভূমিকা রাখতে পারে। এতে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে বলে সতর্ক করেছে কর্তৃপক্ষ।

মতামত দিন