আবহাওয়া
ছবি: সংগৃহীত

চলতি সপ্তাহে ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু, বঙ্গোপসাগরে লঘুচাপের পূর্বাভাস।

নিজেস্ব প্রতিবেদক:

দেশজুড়ে কয়েকদিনের ভারি বৃষ্টির পর কিছুটা বিরতি দেখা গেলেও ফের বেড়েছে তাপমাত্রার অস্বস্তি। এর মধ্যেই গত ২৪ ঘণ্টায় সিলেটে রেকর্ড হয়েছে সর্বোচ্চ ১১৪ মিলিমিটার বৃষ্টিপাত।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি সপ্তাহে ফের সক্রিয় হচ্ছে মৌসুমি বায়ু। বৃহস্পতিবার (২৪ জুলাই) নাগাদ উত্তর বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে। ফলে আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টি ও বজ্রবৃষ্টির সম্ভাবনা থাকছে, কিছু এলাকায় হতে পারে ভারি বর্ষণও।

আবহাওয়াবিদ ওমর ফারুক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশে সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে এর অবস্থান মাঝারি মাত্রার। ফলে দেশের বেশিরভাগ স্থানে হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারি বৃষ্টিপাত হতে পারে।

কোথায় কত বৃষ্টি

গত ২৪ ঘণ্টায় সিলেটে সবচেয়ে বেশি ১১৪ মিলিমিটার বৃষ্টি রেকর্ড হয়েছে। এছাড়া তেঁতুলিয়ায় ৫৪ মিলিমিটার, চট্টগ্রামে ৪৮, মোংলায় ৪২, রাঙামাটিতে ৩৯ এবং নিকলীতে ১৬ মিলিমিটার বৃষ্টিপাত হয়েছে।

দিনভিত্তিক আবহাওয়ার পূর্বাভাস

সোমবার (২১ জুলাই):
রংপুর, ময়মনসিংহ, সিলেট, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের অধিকাংশ এলাকায় দমকা হাওয়ার সঙ্গে হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। রংপুর, চট্টগ্রাম ও সিলেট বিভাগে কোথাও কোথাও ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে।

মঙ্গলবার ও বুধবার (২২-২৩ জুলাই):
রংপুর, ময়মনসিংহ ও সিলেটের অনেক জায়গায়, রাজশাহী, ঢাকা ও চট্টগ্রামের কিছু কিছু এলাকায় এবং খুলনা-বরিশালের একাধিক স্থানে হতে পারে হালকা থেকে মাঝারি বৃষ্টি।

বৃহস্পতিবার (২৪ জুলাই):
রাজশাহী, রংপুর, ঢাকা, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের বিস্তৃত এলাকায় বৃষ্টির প্রবণতা থাকবে। পাশাপাশি কোথাও কোথাও ভারি বর্ষণও হতে পারে।

শুক্রবার (২৫ জুলাই):
ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী ও ময়মনসিংহে অনেক জায়গায় বৃষ্টি হতে পারে। সেদিন দেশের কোথাও কোথাও অতি ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে।

তাপমাত্রার বিষয়ে বলা হয়েছে, আগামী কয়েকদিন খুলনা ও বরিশালে তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকলেও দেশের অন্যান্য অঞ্চলে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমতে পারে।

মতামত দিন