আবহাওয়া
ছবি: সংগৃহীত

স্থল নিম্নচাপের কারণে ঝড়-বৃষ্টির পূর্বাভাস, উপকূলে ৩ নম্বর সংকেত।

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের ১৩টি জেলার ওপর দিয়ে আজ দমকা বা ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে বলে  সতর্ক করেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে অভ্যন্তরীণ নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মঙ্গলবার (১৫ জুলাই) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরের জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, রাজশাহী, পাবনা, ঢাকা, ফরিদপুর, যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজারের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার গতিতে ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

এদিকে সাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপটি স্থলভাগে নিম্নচাপে পরিণত হয়েছে। এটি এখন বাংলাদেশের  দক্ষিণ-পশ্চিম উপকূল এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে অবস্থান করছে। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগরে বায়ুচাপের তারতম্যের আধিক্য বিরাজ করছে, ফলে উপকূলীয় এলাকাসহ সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন