আবহাওয়া
ছবি: সংগৃহীত

সব বিভাগেই বৃষ্টি হতে পারে, তাপমাত্রা কমার আভাস।

নিজস্ব প্রতিবেদকঃ

দেশের আট বিভাগেই অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে আগামী কয়েক দিনে তাপমাত্রা কিছুটা কমতে পারে বলেও  জানানো হয়েছে।

শনিবার (১২ জুলাই) সন্ধ্যায় দেওয়া ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট  বিভাগের অনেক জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা, খুলনা ও বরিশালের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর অক্ষ এখন রাজস্থান, বিহার হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পর্যন্ত বিস্তৃত, এবং এটি উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত পৌঁছেছে। ফলে মৌসুমি বায়ু দেশের ওপর কম সক্রিয় থাকলেও বঙ্গোপসাগরে মাঝারি অবস্থানে রয়েছে।

আসন্ন ২৪ ঘণ্টায় সারা দেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস এবং রাতের তাপমাত্রা সামান্য কমে যেতে পারে বলেও পূর্বাভাসে জানানো হয়।

মতামত দিন