আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঢাকাসহ ৪ বিভাগে অতি ভারি বর্ষণের পূর্বাভাস, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা।


নিজস্ব প্রতিবেদক:

আগামী ২৪ ঘণ্টায় ঢাকাসহ দেশের চারটি বিভাগে ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। এতে পাহাড়ি অঞ্চলে ভূমিধসের ঝুঁকির পাশাপাশি বড় শহরগুলোতে সাময়িক জলাবদ্ধতার আশঙ্কাও রয়েছে।

বুধবার (৯ জুলাই) আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিকের স্বাক্ষরিত এক সতর্কবার্তায় জানানো হয়, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর সক্রিয়তার কারণে আজ সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় ঢাকা, চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন জায়গায় ভারি থেকে অতি ভারি বর্ষণ হতে পারে।

সতর্কবার্তায় আরও বলা হয়, চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকায় অতিবৃষ্টি হলে কোথাও কোথাও ভূমিধসের সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে ঢাকা, চট্টগ্রাম ও খুলনা মহানগরীর কিছু এলাকায় সাময়িক জলাবদ্ধতা সৃষ্টি হতে পারে।

অন্যদিকে, আবহাওয়া অধিদপ্তরের সর্বশেষ ১২০ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে—রংপুর, রাজশাহী ও চট্টগ্রাম বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল, ময়মনসিংহ ও সিলেট বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। সেই সঙ্গে দেশের কোথাও কোথাও মাঝারি থেকে ভারি বর্ষণ হতে পারে। এ সময় সারা দেশের দিন ও রাতের তাপমাত্রা সামান্য বাড়তে পারে।আবহাওয়া অধিদপ্তর জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে এবং স্থানীয় প্রশাসনকে পরিস্থিতি পর্যবেক্ষণের নির্দেশ দিয়েছে।

মতামত দিন