বৃষ্টিতে দেশের বিভিন্ন জেলায় জলাবদ্ধতা, ভোগান্তিতে জনজীবন।
নিজস্ব প্রতিবেদক:
দেশজুড়ে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে দেশের বিভিন্ন জেলায় টানা বৃষ্টিপাত হচ্ছে। এতে ফেনী, নোয়াখালী, পটুয়াখালীসহ বেশ কয়েকটি জেলায় সড়ক ও বাসাবাড়িতে জলাবদ্ধতা দেখা দিয়েছে।
ফেনীতে একটানা বৃষ্টিতে শহরের প্রধান প্রধান সড়ক পানিতে তলিয়ে গেছে। ডাক্তার পাড়া, উকিল পাড়া, শান্তি কোম্পানি রোড, নাজির রোডসহ বিভিন্ন এলাকায় জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। কোথাও কোথাও দোকানপাট ও বাসাবাড়িতেও পানি ঢুকেছে। মঙ্গলবার (৮ জুলাই) ফেনীতে ৩৪৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে আবহাওয়া অফিস, যা চলতি মৌসুমের সর্বোচ্চ।
নোয়াখালী শহরের অলিগলি থেকে শুরু করে প্রায় সব সড়ক পানিতে তলিয়ে গেছে। বাসাবাড়িতে পানি ঢুকে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। পাশাপাশি অতিরিক্ত জোয়ারের পানিতে নিঝুম দ্বীপ, ঢালচরসহ হাতিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।
পটুয়াখালী শহরেও একটানা ভারি বৃষ্টিতে জলাবদ্ধতা দেখা দিয়েছে। মঙ্গলবার দুপুর ১২টা পর্যন্ত ২৪ ঘণ্টায় সেখানে ২৩২ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে বলে জানিয়েছেন আবহাওয়া অফিসের ইনচার্জ মাহবুবা সুখী। শহরের জুবিলী স্কুল সড়ক, পৌরসভার সামনের সড়ক, সবুজবাগ, গুলবাগ, আরামবাগসহ নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে। শ্রমজীবী ও দিনমজুরদের ভোগান্তি আরও বেশি।
আবহাওয়া অধিদফতরের তথ্য অনুযায়ী, চট্টগ্রাম, বরিশাল, খুলনা, ঢাকা, সিলেটসহ দেশের বেশিরভাগ অঞ্চলে বৃষ্টি অব্যাহত রয়েছে। সমুদ্রবন্দরগুলোকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
মতামত দিন