আবহাওয়া
ছবি: সংগৃহীত

মৌসুমি লঘুচাপের প্রভাবে দেশে বৃষ্টির পূর্বাভাস, নদীবন্দরে ১ নম্বর সংকেত।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশের দক্ষিণাঞ্চলে সক্রিয় মৌসুমি বায়ু এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের কারণে সারাদেশেই বজ্রসহ বৃষ্টির প্রবণতা দেখা দিতে পারে।

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, রাজস্থান থেকে শুরু করে মধ্যপ্রদেশ, বিহার, লঘুচাপ কেন্দ্র  অতিক্রম করে বাংলাদেশের দক্ষিণাংশ হয়ে আসাম পর্যন্ত মৌসুমি অক্ষ বিস্তৃত রয়েছে।

এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এই অবস্থায় মঙ্গলবার (৮ জুলাই) সন্ধ্যা পর্যন্ত ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। খুলনা, বরিশাল ও চট্টগ্রামের কিছু এলাকায় মাঝারি থেকে অতি ভারী বৃষ্টির শঙ্কাও রয়েছে।

অন্যদিকে দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পৃথক সতর্কবার্তায় বলা হয়েছে—খুলনা, বরিশাল, পটুয়াখালি, কুমিল্লা, নোয়াখালি, চট্টগ্রাম ও কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। সেইসঙ্গে অস্থায়ীভাবে বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনাও রয়েছে।

এই সাতটি অঞ্চলের নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

মতামত দিন