দক্ষিণাঞ্চলে অতি ভারী বৃষ্টির আশঙ্কা, চট্টগ্রামে ভূমিধসের সতর্কতা।
রোববার (৬ জুলাই) সকালে এক বিশেষ বুলেটিনে এসব তথ্য জানানো হয়। এতে বলা হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে সকাল ১০টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে।
অতি বৃষ্টির কারণে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি অঞ্চলে কোথাও কোথাও ভূমিধসের ঝুঁকি রয়েছে বলে সতর্ক করেছে সংস্থাটি। একইসঙ্গে চট্টগ্রাম মহানগরীর নিম্নাঞ্চলে অস্থায়ী জলাবদ্ধতার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া হয়নি।
এদিকে, আরেকটি পূর্বাভাসে জানানো হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশের ওপর সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর অত্যন্ত শক্তিশালী অবস্থায় বিরাজ করছে। পরবর্তী ১২ ঘণ্টার মধ্যে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও সংলগ্ন উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
এই প্রেক্ষাপটে, রোববার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টায় খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। একইসঙ্গে রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বৃষ্টি হতে পারে।
তবে দেশের সার্বিক তাপমাত্রা তুলনামূলকভাবে স্থিতিশীল থাকতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে।

মতামত দিন