আবহাওয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা, পাহাড়ি এলাকায় ভূমিধ্বসের সতর্কতা।

নিজস্ব প্রতিবেদক:

দেশের উপকূলীয় অঞ্চলে সক্রিয় হয়ে উঠেছে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু। এর প্রভাবে চট্টগ্রাম, খুলনা ও বরিশাল বিভাগের বিভিন্ন স্থানে শনিবার (৫ জুলাই) সকাল থেকে শুরু করে পরবর্তী ২৪ ঘণ্টা পর্যন্ত ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

বৃষ্টিপাতের এ পূর্বাভাসে চট্টগ্রাম বিভাগের পাহাড়ি এলাকাগুলোকে বিশেষভাবে সতর্ক থাকতে বলা হয়েছে, কারণ অতিবর্ষণের কারণে সেখানে ভূমিধ্বসের ঝুঁকি রয়েছে। পাশাপাশি, চট্টগ্রাম মহানগরীর কিছু এলাকায় স্বাভাবিক চলাচলে বিঘ্ন ঘটাতে পারে সাময়িক জলাবদ্ধতা।

আবহাওয়াবিদদের মতে, মৌসুমি বায়ু এ মুহূর্তে দেশের ওপর প্রায় সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের ওপরে প্রবল রূপে বিরাজ করছে। এর ফলে বরিশাল, চট্টগ্রাম, খুলনা ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী, রংপুর, ঢাকা ও ময়মনসিংহ বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

সারাদেশেই কোথাও কোথাও ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা বলা হয়েছে। জনসাধারণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস, বিশেষ করে পাহাড়ের পাদদেশে বসবাসকারীদের জন্য।

মতামত দিন