আবহাওয়া
ছবি: সংগৃহীত

আগামী ৫ দিন জুড়ে ভারী বৃষ্টিপাতের পূর্বাভাস, উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত।

নিজস্ব প্রতিবেদক:

বাংলাদেশজুড়ে আগামী পাঁচ দিন ধরে টানা বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সক্রিয় মৌসুমি বায়ু এবং উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত লঘুচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে ঝোড়ো হাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে।
এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

বুধবার (২ জুলাই) আবহাওয়াবিদ খো. হাফিজুর রহমানের ১২০ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাস এবং আবহাওয়াবিদ এ কে এম নাজমুল হকের দেওয়া সামুদ্রিক সতর্কবার্তা অনুযায়ী, বঙ্গোপসাগরের লঘুচাপ বর্তমানে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে। এর ফলে বায়ুচাপের তারতম্য দেখা দিয়েছে এবং উত্তাল হয়ে উঠেছে উপকূলবর্তী অঞ্চল।

এই পরিস্থিতিতে উত্তর বঙ্গোপসাগর এবং বাংলাদেশের উপকূলীয় এলাকায় অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌযানগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়া পূর্বাভাস অনুযায়ী—

  • বৃহস্পতিবার (৩ জুলাই): খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে মাঝারি  থেকে ভারী বৃষ্টি হতে পারে। অন্যান্য বিভাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

  • শুক্রবার (৪ জুলাই): দেশের প্রায় সব বিভাগের বেশিরভাগ এলাকায় বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে, কিছু অঞ্চলে হতে পারে ভারী বৃষ্টি।

  • শনিবার (৫ জুলাই): রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহসহ আটটি বিভাগেই হতে পারে টানা বৃষ্টি। কোথাও কোথাও হতে পারে অতি ভারী বর্ষণ।

  • রোববার (৬ জুলাই): রাজশাহী, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে ভারী বৃষ্টি অব্যাহত থাকবে।

আবহাওয়াবিদদের মতে, বৃষ্টিপাতের এই প্রবণতা আগামী পাঁচ দিন পর্যন্ত স্থায়ী হতে পারে। ফলে দেশজুড়ে নিম্নাঞ্চলে জলাবদ্ধতার আশঙ্কাও তৈরি হয়েছে।

এদিকে আবহাওয়ার এই ধারা কৃষি ও নগর ব্যবস্থাপনার ওপর বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট বিশেষজ্ঞরা। উপকূলীয় অঞ্চলে সম্ভাব্য ঝড়ো আবহাওয়ার জন্য স্থানীয় প্রশাসনকেও সতর্ক থাকতে বলা হয়েছে।

মতামত দিন