আবহাওয়া
ছবি: সংগৃহীত

উপকূলজুড়ে ৩ নম্বর সতর্ক সংকেত, টানা ভারি বৃষ্টির পূর্বাভাস।

নিজস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট লঘুচাপের কারণে দেশের চারটি সমুদ্রবন্দরে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলেছে আবহাওয়া অধিদপ্তর। সমুদ্র উত্তাল থাকায় উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সতর্ক থাকতে বলা হয়েছে।
একই সঙ্গে আগামী তিন দিন দেশের বিভিন্ন অঞ্চলে টানা বৃষ্টি ও কোথাও কোথাও ভারী বর্ষণের সম্ভাবনার কথা জানানো হয়েছে।

মঙ্গলবার (১ জুলাই) সকালে আবহাওয়া অফিসের একাধিক বিজ্ঞপ্তিতে জানানো হয়, গাঙ্গেয় পশ্চিমবঙ্গ ও তার সংলগ্ন এলাকায় অবস্থানরত একটি লঘুচাপের প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় এলাকাগুলোতে বায়ুচাপের তারতম্য বৃদ্ধি পেয়েছে। এর ফলে ঝড়ো হাওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।

এই অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সমুদ্রে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচলের নির্দেশ দেওয়া হয়েছে।

এদিকে, দেশের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, মৌসুমি বায়ু বর্তমানে বাংলাদেশে সক্রিয় অবস্থায় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরের ওপর তা প্রবল রূপ নিয়েছে। এর ফলে খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অনেক স্থানে বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি রংপুর, রাজশাহী, ঢাকা ও ময়মনসিংহের কিছু কিছু স্থানে বৃষ্টি হতে পারে।

বুধবারও খুলনা, বরিশাল ও চট্টগ্রামে বৃষ্টি অব্যাহত থাকতে পারে। সেই সঙ্গে দেশের অন্যান্য বিভাগেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি হতে পারে। কিছু অঞ্চলে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে।

পরবর্তী দিন, অর্থাৎ বৃহস্পতিবার, বৃষ্টিপাত আরও বিস্তৃত হওয়ার সম্ভাবনা রয়েছে। খুলনা, বরিশাল,  চট্টগ্রাম ও সিলেট বিভাগজুড়ে অধিকাংশ এলাকায় বৃষ্টি হতে পারে এবং কোথাও কোথাও ভারী বর্ষণ ঘটতে পারে।

আবহাওয়া অফিস জানিয়েছে, মৌসুমি বায়ুর সক্রিয়তা বজায় থাকলে আগামী কয়েকদিন সমগ্র দেশে আর্দ্রতা ও বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে।

মতামত দিন