আবহাওয়া
ছবি: সংগৃহীত

দক্ষিণাঞ্চলে ঝড়ো হাওয়া ও ভারী বৃষ্টির শঙ্কা,নদীবন্দরে সতর্কতা সংকেত।

নিজস্ব প্রতিবেদক:

দেশের দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়ার পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (৩০ জুন) সন্ধ্যার মধ্যে এসব অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে।
একইসঙ্গে থাকতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণ কিংবা বজ্রবৃষ্টি।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাসে জানানো হয়, খুলনা, বরিশাল, পটুয়াখালী, কুমিল্লা, নোয়াখালী, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলের ওপর দিয়ে দক্ষিণ-পূর্ব অথবা পূর্ব দিক থেকে ঝড়ো হাওয়া  বয়ে যেতে পারে। এ অবস্থায় এসব এলাকার নৌবন্দরগুলোকে ১ নম্বর সতর্কতা সংকেত দেখাতে বলা হয়েছে।

এছাড়া আজ সন্ধ্যার মধ্যে খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগে কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ হতে পারে বলে পূর্বাভাসে উল্লেখ করা হয়েছে। এতে দক্ষিণাঞ্চলে দিনের তাপমাত্রা কিছুটা হ্রাস পেতে পারে।

অন্যদিকে রাজশাহী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং রংপুর, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

সার্বিকভাবে দেশের দক্ষিণাঞ্চলে আজ সন্ধ্যার মধ্যে বৃষ্টির প্রবণতা বাড়ার পাশাপাশি তাপমাত্রা কমতে পারে এবং দেশের অন্যান্য অংশে তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়।

মতামত দিন