আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে লঘুচাপ, সব সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত।

নিজস্ব প্রতিবেদক:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর এবং তৎসংলগ্ন পশ্চিমবঙ্গ ও বাংলাদেশের উপকূলীয় এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হয়েছে। এর ফলে সমুদ্র অস্থির হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করছে আবহাওয়া অধিদপ্তর।
এ অবস্থায়  দেশের চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

রোববার (২৯ জুন) আবহাওয়াবিদ আফরোজা সুলতানার স্বাক্ষরিত এক বিশেষ বার্তায় জানানো হয়, লঘুচাপের কারণে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলীয় অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে সাগরে গভীর সঞ্চারণশীল মেঘমালা তৈরি হচ্ছে।

চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর সতর্ক সংকেত প্রদর্শনের নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে উপকূলের কাছাকাছি এসে সাবধানে চলাচলের নির্দেশ দিয়েছে আবহাওয়া অফিস। এছাড়া পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত গভীর  সাগরে না যাওয়ার অনুরোধ করা হয়েছে।

আবহাওয়াবিদরা বলছেন, বর্তমানে সৃষ্ট লঘুচাপটি আরও ঘনীভূত হলে নিম্নচাপে রূপ নিতে পারে। ফলে উপকূলীয় অঞ্চলে ভারী বৃষ্টিপাতের পাশাপাশি দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে। নদী ও সমুদ্রপথে চলাচলকারী সব ধরনের নৌযানকে সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, পরিস্থিতি বিবেচনায় পরে আরও সতর্কতা বা সংকেত জারি করা হতে পারে।

মতামত দিন