বঙ্গোপসাগরে লঘুচাপের সম্ভাবনা, বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে ৫ দিন।
শনিবার (২৮ জুন) সকাল ৯টা থেকে শুরু করে পরবর্তী পাঁচ দিনের আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, বর্তমানে মৌসুমি বায়ুর অক্ষ মধ্যপ্রদেশ থেকে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশ অতিক্রম করে আসাম পর্যন্ত বিস্তৃত এবং এর একটি শাখা উত্তর বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। মৌসুমি বায়ু দেশের ওপর সক্রিয় রয়েছে এবং বঙ্গোপসাগরে এটি প্রবল অবস্থানে আছে।
পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেটের বহু জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি কিছু এলাকায় মাঝারি থেকে ভারি বৃষ্টিও হতে পারে। তাপমাত্রায় উল্লেখযোগ্য পরিবর্তনের সম্ভাবনা নেই।
পরবর্তী চার দিনেও একই ধারা অব্যাহত থাকবে বলে জানায় অধিদপ্তর। ২৯ জুন থেকে শুরু করে ২ জুলাই পর্যন্ত প্রতিদিনই দক্ষিণাঞ্চলের অধিকাংশ জায়গা এবং দেশের অন্যান্য অংশের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও ভারি বর্ষণের শঙ্কাও রয়েছে।
২ জুলাইয়ের পূর্বাভাসে দেখা যায়, উত্তরাঞ্চলের কয়েকটি বিভাগেও বৃষ্টির পরিমাণ বাড়তে পারে এবং তখন দেশের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।
আবহাওয়া অধিদপ্তরের দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, আগামী পাঁচ দিন বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে এবং দেশের নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেতে পারে।

মতামত দিন