আবহাওয়া
ছবি: সংগৃহীত

তিন বিভাগে ভারী বৃষ্টির পূর্বাভাস।

নিজস্ব প্রতিবেদক:

আজ দেশের তিনটি বিভাগ—ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেটে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বৃষ্টিপাত হতে পারে। একই সঙ্গে দেশের অন্যান্য অঞ্চলেও বজ্রসহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (২৫ জুন) ছয় ঘণ্টার পূর্বাভাসে জানানো হয়, ময়মনসিংহ, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের অনেক স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারী বর্ষণও।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, বৃষ্টির কারণে সারাদেশে দিনের ও রাতের তাপমাত্রা সামান্য কমে আসতে পারে। আজ সকাল ৬টায় ঢাকায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ২৮.৬ ডিগ্রি সেলসিয়াস, বাতাসে আর্দ্রতা ৮২ শতাংশ। গতকাল ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৫.১ ডিগ্রি এবং আজকের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে ২৮.২ ডিগ্রি সেলসিয়াস। গত ২৪ ঘণ্টায় ঢাকায় সামান্য বৃষ্টিপাত (ট্রেস) রেকর্ড হয়েছে।

পূর্বাভাসে আরও বলা হয়েছে, রাজধানী ঢাকাসহ আশপাশের এলাকায় আজ আকাশ থাকবে আংশিক মেঘলা। রয়েছে হালকা বৃষ্টির সম্ভাবনাও। বাতাসের প্রবাহ থাকবে, যা গরম কিছুটা সহনীয় করতে পারে।

মতামত দিন