আবহাওয়া
ছবি: সংগৃহীত

৯ অঞ্চলে ঝড়ের আশঙ্কা, বাড়তে পারে তাপমাত্রা।

নিজস্ব প্রতিবেদক:

দেশের ৯টি অঞ্চলের ওপর দিয়ে ঝড়ো হাওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। রোববার (২২ জুন) দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে।

ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতির দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে আসা বাতাস এসব অঞ্চলে প্রবাহিত হতে পারে বলে জানানো হয় পূর্বাভাসে। সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদ মো. ওমর ফারুক জানিয়েছেন, মৌসুমি বায়ু দুর্বল থাকায় বৃষ্টিপাতের প্রবণতা সাময়িক কমেছে। আগামী দু-তিন দিন দক্ষিণাঞ্চলে তুলনামূলকভাবে বৃষ্টি কম হতে পারে। তবে উত্তরাঞ্চলে রোববার থেকে বৃষ্টির প্রবণতা বাড়বে। ২৫ জুনের পর সারাদেশে বৃষ্টির মাত্রা আবারও বৃদ্ধি পেতে পারে বলে জানান তিনি।

তাপমাত্রার বিষয়ে আবহাওয়াবিদ বলেন, বৃষ্টির ঘাটতির কারণে তাপমাত্রা বেড়ে যেতে পারে। দেশের কিছু অঞ্চলে তাপমাত্রা ৩৬ ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহের পরিস্থিতিও সৃষ্টি হতে পারে।

মতামত দিন