আবহাওয়া
ছবি: সংগৃহীত

১০ জেলার ওপর দিয়ে ঝড়ের আশঙ্কা, সমুদ্রবন্দরগুলোতে ৩ নম্বর সতর্ক সংকেত।

নিজস্ব প্রতিবেদক:

দেশের ১০টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। একই সঙ্গে উত্তাল সমুদ্রের কারণে চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত বহাল রাখতে বলা হয়েছে।

শুক্রবার (২০ জুন) আলাদা দুটি বিজ্ঞপ্তিতে এই তথ্য জানায় সংস্থাটি।

পূর্বাভাস অনুযায়ী, রাত ১টার মধ্যে যশোর, কুষ্টিয়া, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট এলাকায় দক্ষিণ-পূর্ব বা পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার গতিতে দমকা অথবা ঝোড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে মৌসুমি বায়ুর সক্রিয়তা বৃদ্ধির ফলে উত্তর বঙ্গোপসাগরে সৃষ্ট হয়েছে ঘন বজ্রমেঘ। বাড়ছে বায়ুচাপের পার্থক্যও। যার প্রভাবে উপকূলীয় জেলা ও সমুদ্রবন্দরগুলোর ওপর দিয়ে অতি ভারী বৃষ্টিপাত এবং দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এ অবস্থায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানতার সঙ্গে চলাচল করতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানিয়েছেন, এই ঝড়বৃষ্টি ও উত্তাল পরিস্থিতি আরও কয়েকদিন স্থায়ী হতে পারে।

মতামত দিন