আবহাওয়া
ছবি: সংগৃহীত

সাগর উত্তাল চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত,ভারী বর্ষণের আশঙ্কা।

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে মৌসুমি বায়ুর সক্রিয়তায় সাগর এখন অস্থির। উপকূলীয় অঞ্চলে ঝড়ো হাওয়ার আশঙ্কা থাকায় চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা—এই চারটি সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২০ জুন) সকাল থেকে এমন পরিস্থিতির কথা জানিয়েছে ঝড় সতর্কীকরণ কেন্দ্র।আবহাওয়াবিদরা বলছেন, সক্রিয় মৌসুমি বায়ুর কারণে উত্তর বঙ্গোপসাগরে প্রচুর মেঘ তৈরি হচ্ছে। সেই সঙ্গে বায়ুচাপের পার্থক্য বেড়ে যাওয়ায় সৃষ্ট হয়েছে অস্থিরতা। এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলজুড়ে বয়ে যেতে পারে দমকা হাওয়াসহ ভারী থেকে অতিভারী বর্ষণ।

এই পরিস্থিতিতে মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে এবং পরবর্তী নির্দেশ না আসা পর্যন্ত গভীর সাগরে না যাওয়ার পরামর্শ দেওয়া হয়েছে।

আবহাওয়ার পূর্বাভাসে আরও বলা হয়েছে, দেশের আটটি বিভাগের অনেক স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও মাঝারি থেকে ভারী বা অতিভারী বৃষ্টিও নামতে পারে। সেই সঙ্গে আকাশ মেঘলা থাকার সম্ভাবনা এবং দিনের তাপমাত্রা কিছুটা বাড়তে পারে।

সতর্কতা হিসেবে জনগণকে সচেতন থাকার আহ্বান জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। বিশেষ করে উপকূলীয় অঞ্চলের বাসিন্দাদের সার্বিক পরিস্থিতির প্রতি নজর রাখতে বলা হয়েছে।

মতামত দিন