ভারী বৃষ্টির পূর্বাভাস, দুই বিভাগে সতর্ক থাকার আহ্বান।
বৃহস্পতিবার (১৯ জুন) সকালে নিজের সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি জানান, সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার মধ্যে বরিশালের ভোলা ও পটুয়াখালী এবং চট্টগ্রামের কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ফেনী, রাঙামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রাম জেলার বিভিন্ন স্থানে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।
মোস্তফা কামাল পলাশ জানান, বর্তমানে দক্ষিণ চব্বিশ পরগনার ওপর অবস্থানরত একটি স্থলভাগীয় লঘুচাপ গত কয়েকদিন ধরেই কার্যত স্থির রয়েছে। এর কেন্দ্রে খুব সামান্য অগ্রগতি হয়েছে, যা খুলনার দিকেই সরে এসেছে। এই ধীর গতির কারণে বাংলাদেশের উপকূলীয় অঞ্চলে ঘন ঘন জলীয়বাষ্প প্রবাহিত হচ্ছে বঙ্গোপসাগর থেকে।
তিনি আরও জানান, সাগর থেকে উঠে আসা আর্দ্রতা ও লঘুচাপের ঘূর্ণায়মান প্রভাবে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের পার্বত্য এলাকায় বৃষ্টিবহুল মেঘের ঘনঘটা তৈরি হচ্ছে। এর ফলে মঙ্গলবার ও বুধবার যেসব এলাকায় টানা বৃষ্টি হয়েছে, সেসব এলাকায় বৃহস্পতিবারও একই পরিস্থিতি বজায় থাকতে পারে।
আবহাওয়ার এই ধারাবাহিকতা জনজীবনে বিঘ্ন সৃষ্টি করতে পারে এবং পাহাড়ি এলাকাগুলোর জন্য ভূমিধসের শঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মতামত দিন