আবহাওয়া
ছবি: সংগৃহীত

উত্তর বঙ্গোপসাগরে সৃষ্টি হচ্ছে গভীর বজ্রমেঘ, সমুদ্রবন্দরে সতর্ক সংকেত।

নিজস্ব প্রতিবেদক:

উত্তর বঙ্গোপসাগরে সক্রিয় মৌসুমি বায়ুর প্রভাবে সৃষ্টি হয়েছে গভীর বজ্রমেঘ। সেই সঙ্গে দেখা দিয়েছে বায়ুচাপের তারতম্যের আধিক্য।
এর ফলে উপকূলীয় এলাকায় বৃষ্টিপাত ও দমকা হাওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

বুধবার (১৮ জুন) বিকেল ৩টায় প্রকাশিত এক বিশেষ বার্তায় জানানো হয়, সক্রিয় মৌসুমি প্রবাহ ও বজ্রমেঘ সৃষ্টির কারণে উত্তর বঙ্গোপসাগর, আশপাশের উপকূলীয় অঞ্চল এবং চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরে  ঝড়ো হাওয়াসহ ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, মংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি সমুদ্রে অবস্থানরত মাছ ধরার নৌকা ও ট্রলারগুলোকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে নির্দেশ দেওয়া হয়েছে।

পরবর্তী নির্দেশনা না আসা পর্যন্ত সমুদ্রযানে সতর্কতা বজায় রাখার পরামর্শ দিয়েছে আবহাওয়া বিভাগ।

মতামত দিন