পাঁচদিন ধরে টানা ভারী বর্ষণের পূর্বাভাস,পাহাড়ি এলাকায় ভূমিধসের শঙ্কা।
বুধবার (১৮ জুন) সকালে সংস্থাটির পক্ষ থেকে এক সতর্কবার্তায় জানানো হয়, সক্রিয় দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর কারণে আগামী ৭২ ঘণ্টায় দেশের অধিকাংশ বিভাগে ভারী বর্ষণ অব্যাহত থাকবে। এতে বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, খাগড়াছড়ি ও কক্সবাজারে পাহাড় ধসের আশঙ্কা রয়েছে। পাশাপাশি, চট্টগ্রাম, ঢাকা ও খুলনা মহানগরীর নিম্নাঞ্চলে সৃষ্টি হতে পারে জলাবদ্ধতা।
আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট—এই আট বিভাগে আগামী পাঁচ দিন পর্যন্ত কোথাও কোথাও দমকা হাওয়াসহ মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। একইসঙ্গে কিছু এলাকায় ১৮৮ মিলিমিটার পর্যন্ত অতি ভারী বর্ষণ হওয়ার সম্ভাবনাও রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর আরও জানিয়েছে, এ সময় দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রায় বড় কোনো পরিবর্তন হবে না। শুক্রবার থেকে রোববার পর্যন্ত এই পরিস্থিতি প্রায় একই রকম থাকবে।
আবহাওয়াবিদরা মনে করছেন, টানা বর্ষণের এই ধারা আগামী সপ্তাহেও কিছুটা স্থায়ী হতে পারে।ফলে সংশ্লিষ্ট বিভাগগুলোকে সতর্ক থাকার পাশাপাশি ঝুঁকিপূর্ণ এলাকায় বসবাসকারীদের জন্য প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।

মতামত দিন