দশ অঞ্চলে ঝড়বৃষ্টি ও সমুদ্রবন্দরে সতর্কতা জারি, নদীবন্দরে ১ নম্বর সংকেত।
মঙ্গলবার (১৭ জুন) সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সময়ের জন্য দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য আবহাওয়া অধিদপ্তরের দেওয়া বিশেষ বিজ্ঞপ্তিতে জানানো হয়, যশোর, কুষ্টিয়া, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম ও কক্সবাজার এলাকায় ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে অস্থায়ীভাবে দমকা বা ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টির আশঙ্কা রয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
এদিকে বঙ্গোপসাগরের উপর সক্রিয় মৌসুমি বায়ুর কারণে সৃষ্টি হওয়া গভীর সঞ্চারণশীল মেঘ এবং বায়ুচাপের তারতম্যের কারণে দেশের উপকূলীয় অঞ্চল ও সমুদ্রবন্দরগুলোতেও ঝোড়ো হাওয়া বইতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
এ প্রেক্ষিতে আবহাওয়াবিদ খোন্দকার হাফিজুর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। সেইসঙ্গে উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত মাছ ধরার ট্রলার ও নৌকাগুলোকে উপকূলের কাছাকাছি অবস্থান করতে এবং অতিরিক্ত সতর্কতা অবলম্বন করতে বলা হয়েছে।
বঙ্গোপসাগরে অবস্থানরত যেকোনো ধরনের নৌযানকে এই মুহূর্তে গভীর সমুদ্রে না যাওয়ার জন্য অনুরোধ জানানো হয়েছে।
মতামত দিন