আবহাওয়া
ছবি: সংগৃহীত

সতর্ক সংকেত: আজ সন্ধ্যার মধ্যে ১৩ জেলায় ঝড়ের আশঙ্কা।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকাসহ দেশের অন্তত ১৩টি জেলায় ঘণ্টায় ৬০ কিলোমিটার পর্যন্ত বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির  সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

রোববার (১৫ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের নদীবন্দরগুলোর জন্য দেওয়া বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানানো হয়।

আবহাওয়াবিদ ড. মো. ওমর ফারুক স্বাক্ষরিত পূর্বাভাস অনুযায়ী, দক্ষিণ ও দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বইতে পারে।সেই সঙ্গে অস্থায়ীভাবে বজ্রসহ বৃষ্টিও হতে পারে রংপুর, দিনাজপুর, ময়মনসিংহ, ঢাকা, ফরিদপুর, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলে।

এ পরিস্থিতিতে সংশ্লিষ্ট এলাকার নদীবন্দরগুলোকে ০১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।

সারা দেশের জন্য পূর্বাভাস:

এ ছাড়া আবহাওয়া অধিদপ্তরের ১২০ ঘণ্টার দীর্ঘমেয়াদি পূর্বাভাসে বলা হয়েছে, ময়মনসিংহ, ঢাকা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং রাজশাহী ও খুলনা বিভাগের কিছু কিছু এলাকায় হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। কোথাও কোথাও হতে পারে মাঝারি থেকে ভারি বর্ষণ।

পূর্বাভাসে আরও জানানো হয়, এই সময়ে সারা দেশে দিন ও রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে।

সারসংক্ষেপ:

দেশজুড়ে বৃষ্টিপাতের প্রবণতা বাড়তে থাকায় রাজধানীসহ বিভিন্ন এলাকায় জনজীবনে কিছুটা স্বস্তি ফিরতে পারে। তবে ১৩টি অঞ্চলে ঝড়ো হাওয়ার সতর্কতা থাকায় নদীপথে চলাচলরতদের সাবধানতা অবলম্বনের পরামর্শ দিয়েছে কর্তৃপক্ষ।

মতামত দিন