আবহাওয়া
ছবি: সংগৃহীত

ভ্যাপসা গরমে অতিষ্ঠ জনজীবন, সামনে আসছে টানা বৃষ্টির পূর্বাভাস।

নিজস্ব প্রতিবেদক:

দেশজুড়ে বিরামহীন গরমে অতিষ্ঠ জনজীবন। কোথাও কোথাও হালকা বৃষ্টিপাত হলেও তাপদাহের তীব্রতা কমেনি।
এর মধ্যেই দেশের বিভিন্ন অঞ্চলে টানা ভারি বৃষ্টির আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শনিবার (১৪ জুন) সকালে জারি করা ১২০ ঘণ্টার পূর্বাভাসে আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানান, মৌসুমি বায়ু বাংলাদেশের ওপর দুর্বলভাবে সক্রিয় রয়েছে এবং উত্তর বঙ্গোপসাগরে তা মাঝারি অবস্থায় বিরাজ করছে। লঘুচাপের একটি বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ হয়ে বাংলাদেশের দক্ষিণাঞ্চল পেরিয়ে বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত।

এই প্রেক্ষাপটে আগামী পাঁচ দিনে দেশের প্রায় সব বিভাগেই হালকা থেকে মাঝারি, কোথাও কোথাও ভারি বর্ষণের সম্ভাবনার কথা বলা হয়েছে।

রোববার (১৫ জুন) থেকে শুরু করে আগামী বুধবার (১৮ জুন) পর্যন্ত প্রতিদিনই রংপুর, ময়মনসিংহ, চট্টগ্রাম  ও সিলেট বিভাগের বিভিন্ন জায়গায় বৃষ্টিপাত হতে পারে। ঢাকা, রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগেও কিছু কিছু স্থানে দমকা হাওয়াসহ বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে।

বিশেষ করে ১৭ জুন (মঙ্গলবার) দেশের বিভিন্ন স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের সম্ভাবনা রয়েছে বলে পূর্বাভাসে জানানো হয়েছে।

এই সময়কালে দেশের দিনের তাপমাত্রা কিছুটা কমলেও রাতের তাপমাত্রায় তেমন কোনো পরিবর্তন হবে না বলেও জানিয়েছে অধিদপ্তর।

তাপপ্রবাহের বিষয়েও সতর্ক করা হয়েছে। বর্তমানে ঢাকা, নারায়ণগঞ্জ, মাদারীপুর, কিশোরগঞ্জ এবং উত্তরাঞ্চলের বেশ কয়েকটি জেলায় মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে, যা আংশিক প্রশমিত হতে পারে।

আবহাওয়াবিদদের মতে, সপ্তাহজুড়ে বৃষ্টিপাত বাড়লেও গরম একেবারে কমে যাওয়ার সম্ভাবনা নেই। ফলে তাপমাত্রা ও আর্দ্রতার সম্মিলিত প্রভাবে ভ্যাপসা গরম এখনও নাগালের বাইরে থাকছে।

মতামত দিন