তাপপ্রবাহ অব্যাহত, ১১ জুনের পর বাড়তে পারে বৃষ্টিপাত: আবহাওয়া অফিস
সোমবার (৯ জুন) সকাল ৯টা পর্যন্ত চট্টগ্রাম ও সিলেট বিভাগের দু-একটি জায়গায় হালকা থেকে মাঝারি মাত্রার বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেখানে দমকা হাওয়ারও সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য এলাকায় আবহাওয়া প্রধানত শুষ্ক থাকবে, তবে আকাশ আংশিক মেঘাচ্ছন্ন থাকতে পারে।
পরদিন, অর্থাৎ মঙ্গলবার (১০ জুন) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, চট্টগ্রাম ও সিলেটের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও বরিশাল বিভাগের দু-একটি স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ সময় দিনে তাপমাত্রা সামান্য বাড়লেও রাতের তাপমাত্রা অপরিবর্তিত থাকতে পারে।
বুধবার (১১ জুন) ও বৃহস্পতিবার (১২ জুন) চট্টগ্রাম ও সিলেট বিভাগে বিস্তৃত এলাকায় এবং অন্যান্য বিভাগের কিছু কিছু স্থানে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস রয়েছে। বিশেষ করে ১১ জুনের পর কিছু কিছু এলাকায় মাঝারি থেকে ভারী বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে ওই সময় দেশের বিভিন্ন অঞ্চলে দিনের ও রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে আসতে পারে।
অর্থাৎ, সামনের কদিন তাপমাত্রা কিছুটা বাড়লেও সপ্তাহের মাঝামাঝি থেকে বৃষ্টিপাত বাড়ার সম্ভাবনা রয়েছে, যা তাপপ্রবাহ কিছুটা প্রশমিত করতে পারে বলে ধারণা আবহাওয়াবিদদের।
মতামত দিন