আবহাওয়া
ছবি: সংগৃহীত

সাত জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, ঈদের আগে বাড়তে পারে তাপমাত্রা।

নিজস্ব প্রতিবেদক:

দেশের সাতটি অঞ্চলে ঝড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টির আশঙ্কা প্রকাশ করেছে আবহাওয়া অধিদপ্তর। মঙ্গলবার (৩ জুন) সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া এক পূর্বাভাসে জানানো হয়, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা,চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট এলাকায় ঘণ্টায় ৪৫-৬০ কিলোমিটার বেগে দমকা বা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে। আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, এই পরিস্থিতি কয়েক দিন অব্যাহত থাকতে পারে।

এদিকে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে দেশের বিভিন্ন স্থানে বৃষ্টির প্রভাব ও আবহাওয়া নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে। আবহাওয়াবিদদের পূর্বাভাস অনুযায়ী, আগামী পাঁচ দিন দেশের বিভিন্ন অঞ্চলে থেমে থেমে বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কোথাও কোথাও ভারি বর্ষণ ও মৃদু তাপপ্রবাহের পূর্বাভাসও রয়েছে।

বিশেষ করে সিলেট ও চট্টগ্রাম বিভাগের কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারি বর্ষণের আশঙ্কা রয়েছে। অন্যদিকে খুলনা বিভাগে তাপমাত্রা বৃদ্ধি পেতে পারে এবং সেখানে মৃদু তাপপ্রবাহ ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে।

সারা দেশের তাপমাত্রা পরবর্তী কয়েক দিনে কিছুটা বাড়তে পারে বলেও জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আবহাওয়া পরিস্থিতির এই অস্থিরতা আসন্ন ঈদযাত্রা এবং কোরবানির প্রস্তুতিকে কিছুটা বিঘ্নিত করতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন