আবহাওয়া
ছবি: সংগৃহীত

জুনে লঘুচাপ ও বজ্রঝড়ের শঙ্কা, কিছু এলাকায় বন্যার পূর্বাভাস।

নিজস্ব প্রতিবেদক:

এপ্রিলে সর্বোচ্চ তাপমাত্রার পর মে মাস সাধারণত দেশের দ্বিতীয় উষ্ণতম সময় হলেও এবার মাসজুড়েই বৃষ্টিতে ভিজেছে বাংলাদেশ। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, চলতি জুন মাসেও দেশে একাধিক লঘুচাপ তৈরি হতে পারে, যার একটি মৌসুমি নিম্নচাপে রূপ নিতে পারে।

দীর্ঘমেয়াদি আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, জুনে সারাদেশে বৃষ্টিপাতের পরিমাণ মোটামুটি স্বাভাবিক থাকবে। তবে এই মাসে ৬ থেকে ৮ দিন বজ্রঝড় হতে পারে, এবং দিন ও রাতের তাপমাত্রা স্বাভাবিকের তুলনায় কিছুটা বেশি থাকতে পারে।

এছাড়া জুনে এক থেকে দুটি মৃদু (৩৬–৩৭.৯°C) অথবা মাঝারি (৩৮–৩৯.৯°C) তাপপ্রবাহ বয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।

আবহাওয়াবিদদের মতে, ভারি বৃষ্টির কারণে দেশের উত্তর, উত্তর-পূর্ব ও দক্ষিণ-পূর্ব অঞ্চলের কিছু এলাকায় স্বল্পমেয়াদি বন্যা দেখা দিতে পারে।

উল্লেখ্য, মে মাসের শেষদিকে বঙ্গোপসাগরে সৃষ্ট একটি গভীর নিম্নচাপ স্থলভাগে উঠে বাংলাদেশ অতিক্রম করে ভারতের আসাম ও মেঘালয়ে পৌঁছে দুর্বল হয়ে পড়ে।এই নিম্নচাপের প্রভাবে দেশের বিভিন্ন এলাকায় অতিভারি বৃষ্টিপাত ও বন্যা দেখা দিয়েছে।

মতামত দিন