আবহাওয়া
ছবি: সংগৃহীত

১১ জেলায় ঝড়-বৃষ্টির আশঙ্কা, নদীবন্দরগুলোতে ১ নম্বর সতর্কতা।

নিজস্ব প্রতিবেদক:

দেশের ১১টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার গতিবেগে দমকা হাওয়ার সঙ্গে ঝড় এবং বজ্রসহ বৃষ্টি হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার (২ জুন) দুপুর ১টা পর্যন্ত অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য এ সতর্কতা জারি করা হয়েছিলো।

আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলামের স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, রাজশাহী, পাবনা, রংপুর, দিনাজপুর, বগুড়া, ময়মনসিংহ, কুষ্টিয়া, বরিশাল, চট্টগ্রাম, কক্সবাজার এবং সিলেট জেলার ওপর দিয়ে দক্ষিণ অথবা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। এর সঙ্গে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টির আশঙ্কা রয়েছে। এ কারণে এসব জেলার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

এদিকে, আবহাওয়ার আরেক পূর্বাভাসে জানানো হয়েছে, আগামী কয়েক দিন দেশের সব বিভাগেই বজ্রসহ বৃষ্টি হতে পারে। সঙ্গে থাকতে পারে দমকা হাওয়া এবং কোথাও কোথাও মাঝারি মাত্রার ভারী বর্ষণের সম্ভাবনাও রয়েছে।

আবহাওয়া অফিস জানিয়েছে, বর্ষা মৌসুমের আগমন ঘিরে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বাড়ছে। ফলে নদীবন্দর ও ঝুঁকিপূর্ণ এলাকার মানুষজনকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন