আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে তীব্র বজ্রপাত ও ভারি বৃষ্টির শঙ্কা।

নিজস্ব প্রতিবেদক:

দেশের অন্তত তিনটি বিভাগের সব জেলা এবং আরও কয়েকটি অঞ্চলে তীব্র বজ্রপাতসহ মাঝারি থেকে ভারি বৃষ্টিপাতের আশঙ্কা প্রকাশ করেছেন বেসরকারি আবহাওয়াবিদ মোস্তফা কামাল পলাশ। রোববার (১ জুন) বিকেলে সামাজিক মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি সতর্কবার্তা দেন।

আবহাওয়াবিদ পলাশ জানান, রাত ১০টার মধ্যেই চট্টগ্রাম, বরিশাল ও ঢাকার সব জেলা, খুলনার দক্ষিণাঞ্চল, রাজশাহীর বগুড়া, সিরাজগঞ্জ, পাবনা ও জয়পুরহাট, ময়মনসিংহের জামালপুর, রংপুরের পঞ্চগড়,নীলফামারী ও লালমনিরহাট এবং সিলেট বিভাগের হবিগঞ্জ ও মৌলভীবাজার জেলায় ভারি বর্ষণ ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে।

অন্যদিকে, বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাস অনুযায়ী, সোমবার সকাল ৯টা পর্যন্ত রংপুর, ঢাকা, ময়মনসিংহ,বরিশাল, চট্টগ্রাম ও সিলেটের অধিকাংশ এলাকায় এবং রাজশাহী ও খুলনার কিছু এলাকায় দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

আবহাওয়া অফিস আরও জানায়, দেশের কিছু কিছু স্থানে মাঝারি থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। এতে নদ-নদীর পানি বাড়া ও পাহাড়ি ঢলের সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। সংশ্লিষ্ট এলাকাগুলোতে স্থানীয় প্রশাসন ও সাধারণ মানুষকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের পরামর্শ দেওয়া হয়েছে।

মতামত দিন