আবহাওয়া
ছবি: সংগৃহীত

উপকূলে ৮০ কিমি বেগে ঝড়ের শঙ্কা, ৪-৮ ফুট উচ্চতার জলোচ্ছ্বাসের সতর্কতা।

নিজস্ব প্রতিবেদক:

আজ শুক্রবার,৩০ মে ২০২৫:

বঙ্গোপসাগরে সৃষ্ট গভীর নিম্নচাপটি স্থলভাগে এসে কিছুটা দুর্বল হয়ে নিম্নচাপে পরিণত হলেও এর প্রভাবে উপকূলীয় এলাকায় ঝড়ো হাওয়া ও উঁচু জলোচ্ছ্বাসের শঙ্কা রয়েছে। আবহাওয়া অধিদফতর জানিয়েছে, এই নিম্নচাপের কারণে উপকূলীয় অঞ্চলে ঘণ্টায় ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।

গবেষণা-ভিত্তিক পূর্বাভাসে কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ জানিয়েছেন, শুক্রবার (৩০ মে) উপকূলজুড়ে স্বাভাবিকের চেয়ে ৪ থেকে ৮ ফুট উঁচু জোয়ারের পানি প্লাবনের আশঙ্কা রয়েছে। তিনি জানান, এদিন দুইবার উচ্চমাত্রার জোয়ার দেখা দিতে পারে,যা উপকূলীয় অঞ্চলে স্বাভাবিক জীবনযাত্রায় বিঘ্ন ঘটাতে পারে।

অপরদিকে, আবহাওয়া দফতরের সর্বশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাগরে সৃষ্ট নিম্নচাপটি উত্তর ও উত্তরপূর্ব দিকে সরে গিয়ে শুক্রবার সকালে টাঙ্গাইল ও তার আশপাশের এলাকায় অবস্থান করছিল। এটি ধীরে ধীরে আরও দুর্বল হয়ে বৃষ্টি ঝড়িয়ে মিলিয়ে যেতে পারে। তবে এর প্রভাবে উত্তর বঙ্গোপসাগর ও বাংলাদেশের উপকূলজুড়ে গভীর সঞ্চালনশীল মেঘমালা তৈরি হয়েছে। ফলে এসব অঞ্চলে ঝড়ো হাওয়া অব্যাহত রয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরসমূহকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দিয়েছে আবহাওয়া অধিদফতর।

মতামত দিন