আবহাওয়া
ছবি: সংগৃহীত

নিম্নচাপের কারণে উপকূলীয় ও নদীপথে নৌযান চলাচলে নিষেধাজ্ঞা।

নিজস্ব প্রতিবেদক:

আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় অঞ্চলে নদী ও সমুদ্রপথে ঝুঁকিপূর্ণ পরিস্থিতি দেখা দিয়েছে। যাত্রীদের নিরাপত্তা নিশ্চিত করতে দেশের অভ্যন্তরীণ ও উপকূলীয় নৌরুটে সব ধরনের নৌযান চলাচলে অনির্দিষ্টকালের জন্য নিষেধাজ্ঞা জারি করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)।

বৃহস্পতিবার (২৯ মে) এক সরকারি বিজ্ঞপ্তিতে সংস্থাটি জানায়, বঙ্গোপসাগর ও তার আশপাশে সৃষ্ট নিম্নচাপটি ঘনীভূত হয়ে বর্তমানে গভীর নিম্নচাপে রূপ নিয়েছে। এর ফলে সমুদ্র বন্দরগুলোতে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত এবং দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোতে ২ নম্বর নৌ হুঁশিয়ারি সংকেত কার্যকর রয়েছে।

বিআইডব্লিউটিএ বলছে, বর্তমান পরিস্থিতিতে নৌপথগুলো অস্থির ও বিপজ্জনক হয়ে উঠেছে। যাত্রী নিরাপত্তার বিষয়টি অগ্রাধিকার দিয়ে সব ধরনের নৌযান চলাচল সাময়িকভাবে বন্ধ রাখতে বলা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী নির্দেশনা দেওয়া হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

প্রসঙ্গত, গভীর নিম্নচাপের প্রভাবে উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও ভারী বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে, যা নৌযাত্রাকে আরও ঝুঁকিপূর্ণ করে তুলতে পারে। কর্তৃপক্ষ সকলকে সতর্কতা অবলম্বনের আহ্বান জানিয়েছে।

মতামত দিন