তিস্তা নদীতে পানি বাড়ার আশঙ্কা, পাঁচ জেলায় বন্যা পরিস্থিতির সতর্কতা।
আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:
তিস্তা নদীর পানি হঠাৎ করে বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে পানি উন্নয়ন বোর্ড। চলতি সপ্তাহে ভারী বৃষ্টির প্রভাবে তিস্তা অববাহিকার পাঁচটি জেলায় বন্যা পরিস্থিতির সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
বুধবার (২৮ মে) বিকেলে কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের এক বার্তায় জানানো হয়, আগামী তিন দিনের মধ্যে রংপুর, নীলফামারী, লালমনিরহাট, গাইবান্ধা ও কুড়িগ্রামের তিস্তা তীরবর্তী এলাকাগুলোতে পানি বিপৎসীমা ছুঁয়ে যেতে পারে অথবা অতিক্রম করতে পারে। এতে এসব জেলার নিম্নাঞ্চলে জলাবদ্ধতা ও বন্যার সম্ভাবনা তৈরি হয়েছে।
পানি উন্নয়ন বোর্ড জানায়, রংপুর বিভাগের বেশ কয়েকটি নদীতে পানির উচ্চতা বেড়ে চলেছে। বিশেষ করে তিস্তা নদীর পানির প্রবাহ কাউনিয়া পয়েন্টে এখনো বিপৎসীমার নিচে থাকলেও তা ধীরে ধীরে বাড়ছে। পাশাপাশি ব্রহ্মপুত্রের পানিও একদিনের মধ্যেই বাড়তে পারে এবং পরবর্তী চার দিন এই প্রবণতা অব্যাহত থাকতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
তবে ব্রহ্মপুত্রের পানি বিপৎসীমা অতিক্রম করার সম্ভাবনা আপাতত নেই বলে জানিয়েছে বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র।
কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী রাকিবুল হাসান বলেন, “তিস্তা নদীর তীরবর্তী এলাকায় ভাঙনের ঝুঁকি রয়েছে। বিশেষ করে রাজারহাটের ডাঙরারহাট অংশে প্রায় ৮০০ মিটার বাঁধ দুর্বল হয়ে পড়েছে। সেখানকার জরুরি মেরামতের জন্য আমরা প্রকল্প প্রস্তাব পাঠিয়েছি।”
তবে সম্ভাব্য বন্যা পরিস্থিতি মোকাবিলায় জেলা প্রশাসনের প্রস্তুতি বিষয়ে কুড়িগ্রামের ডিসির সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। ফোনে পাওয়া না যাওয়ায় হোয়াটসঅ্যাপেও বার্তা পাঠানো হয়েছিল, কিন্তু কোনো সাড়া মেলেনি।
আবহাওয়াবিদদের মতে, তিস্তা অববাহিকায় ভারী বর্ষণের প্রবণতা চলতে থাকলে দ্রুত পরিস্থিতির অবনতি ঘটতে পারে। সংশ্লিষ্ট এলাকায় নজরদারি জোরদার করার তাগিদ দিয়েছেন দুর্যোগ ব্যবস্থাপনা বিশেষজ্ঞরা।
মতামত দিন