আবহাওয়া
ছবি: সংগৃহীত

ঘূর্ণিঝড় নয় ভারী বর্ষণের সতর্কতা:নিম্নচাপের প্রভাবে ৪৮ ঘণ্টা বৃষ্টি হতে পারে।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি ঘূর্ণিঝড়ে রূপ নেবে না বলে নিশ্চিত করেছে আবহাওয়া অধিদপ্তর। তবে এটি আরও ঘনীভূত হয়ে আগামী দুই দিন দেশে ব্যাপক বৃষ্টিপাত ঘটাতে পারে বলে পূর্বাভাস দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৯ মে) দুপুরে অনুষ্ঠিত এক আবহাওয়া ব্রিফিংয়ে জানানো হয়,নিম্নচাপটির কারণে রাজধানীসহ বিভিন্ন জেলায় দমকা হাওয়া ও বজ্রবৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ অবস্থায় ১ জুন পর্যন্ত বৃষ্টির প্রবণতা অব্যাহত থাকতে পারে এবং এরপর থেকে তীব্রতা কমে আসবে বলে আশা করা হচ্ছে।

অধিদপ্তরের তথ্য অনুযায়ী, আজ সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত ঢাকায় ৩০ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড হয়েছে। উপকূলীয় জেলাগুলোর বিভিন্ন স্থানে এখনো বৃষ্টি হচ্ছে এবং কোথাও কোথাও জলাবদ্ধতার আশঙ্কা রয়েছে।

সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অস্থায়ী দমকা হাওয়াসহ মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে। পাহাড়ি এলাকায়—বিশেষ করে চট্টগ্রাম, কক্সবাজার, বান্দরবান, রাঙামাটি ও খাগড়াছড়িতে ভূমিধসের ঝুঁকি রয়েছে।

নিম্নচাপটি আজ ভোরে সুস্পষ্ট লঘুচাপ থেকে নিম্নচাপে পরিণত হয় এবং এটি ক্রমশ উত্তর দিকে অগ্রসর হচ্ছে। এ কারণে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

সকাল ৬টায় নিম্নচাপটির অবস্থান ছিল—চট্টগ্রাম বন্দর থেকে ৪০৫ কিলোমিটার, কক্সবাজার থেকে ৩৯৫ কিলোমিটার, মোংলা থেকে ২৩০ কিলোমিটার এবং পায়রা থেকে ২৪৫ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। এর  প্রভাবে উপকূলীয় এলাকায় ঝোড়ো হাওয়ার পাশাপাশি বৃষ্টির তীব্রতা আরও বাড়তে পারে।

আবহাওয়া অফিস জানায়, সারা দেশে দিনের তাপমাত্রা ১-২ ডিগ্রি কমে যেতে পারে এবং রাতের তাপমাত্রাও কিছুটা হ্রাস পেতে পারে। আগামীকালও দেশের দক্ষিণ ও পূর্বাঞ্চলে অধিকাংশ জায়গায় বৃষ্টি অব্যাহত থাকবে।

সতর্কতা হিসেবে পাহাড়ি অঞ্চলের বাসিন্দাদের সচেতন থাকার আহ্বান জানিয়েছে স্থানীয় প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষ।

মতামত দিন