আবহাওয়া
ছবি: সংগৃহীত

শক্তিশালী লঘুচাপের কারণে বঙ্গোপসাগরে ৩ নম্বর সংকেত, চার বন্দরে সতর্কতা জারি।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:

বঙ্গোপসাগরের উত্তর-পশ্চিমাংশে সৃষ্ট লঘুচাপটি ক্রমশ শক্তিশালী হয়ে সুস্পষ্ট লঘুচাপে রূপ নিয়েছে।এর প্রভাবে দেশের উপকূলীয় অঞ্চলসহ ঢাকাসহ বিভিন্ন স্থানে বৃষ্টি ও দমকা হাওয়া বইছে।

পরিস্থিতি আরও ঘণীভূত হলে নিম্নচাপে পরিণত হওয়ার আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

বৃহস্পতিবার (২৯ মে) এক বিশেষ বুলেটিনে আবহাওয়া অধিদপ্তর জানায়, এই অবস্থার পরিপ্রেক্ষিতে চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে তিন নম্বর স্থানীয় সতর্কতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। পাশাপাশি অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য ২ নম্বর সতর্কবার্তা বজায় রয়েছে।

আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগে অতিভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। এ ছাড়া ময়মনসিংহ, ঢাকা, খুলনা ও রাজশাহী বিভাগেও মাঝারি থেকে ভারি বর্ষণের পূর্বাভাস রয়েছে। এর প্রভাবে পাহাড়ি অঞ্চল, বিশেষ করে পার্বত্য চট্টগ্রাম এবং কক্সবাজারে পাহাড়ধসের ঝুঁকি বাড়ছে।

রাজধানী ঢাকা ও বন্দরনগরী চট্টগ্রামের কিছু নিম্নাঞ্চলে ইতিমধ্যে জলাবদ্ধতার খবর পাওয়া গেছে। দমকা হাওয়ার পাশাপাশি বজ্রবৃষ্টির কারণে জনজীবনে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছে স্থানীয় প্রশাসন।

বৃহস্পতিবার দুপুর পর্যন্ত দেয়া পূর্বাভাস অনুযায়ী, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজার উপকূলে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে। এসব এলাকায় নদীবন্দরগুলোকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে।

আবহাওয়াবিদ মোহাম্মদ ওমর ফারুক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, শুক্রবার (৩০ মে) বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বেশিরভাগ জায়গায় এবং অন্যান্য বিভাগে ছড়িয়ে ছিটিয়ে বৃষ্টিপাত অব্যাহত থাকবে। পরিস্থিতির উন্নতির আগে দেশের বেশিরভাগ এলাকায় বিরূপ আবহাওয়া বজায় থাকতে পারে বলে আভাস দিয়েছেন সংশ্লিষ্টরা।

মতামত দিন