নিম্নচাপের প্রভাবে অভ্যন্তরীণ তিনটি নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ।
ঢাকা,আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:
উত্তরপশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় সৃষ্ট নিম্নচাপের কারণে দেশের অভ্যন্তরীণ তিনটি গুরুত্বপূর্ণ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ ঘোষণা করেছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষ (বিআইডব্লিউটিএ)। বৃহস্পতিবার (২৯ মে) সকাল থেকে বরিশাল, চাঁদপুর-নারায়ণগঞ্জ এবং দৌলতদিয়া-পাটুরিয়া রুটে এ নিষেধাজ্ঞা কার্যকর করা হয়েছে।
বরিশাল রুট:
বৈরী আবহাওয়ার কারণে বরিশাল নদীবন্দরে ২ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে। একই সঙ্গে সকাল ৯টা থেকে বরিশালের অভ্যন্তরীণ রুটের লঞ্চ চলাচল বন্ধ রাখার নির্দেশ দেয় বিআইডব্লিউটিএ। সংস্থাটির বরিশাল নদীবন্দরের যুগ্ম পরিচালক শেখ মো. সেলিম রেজা জানান, বৈরি আবহাওয়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে ঢাকা-বরিশাল রুটের লঞ্চ চলাচলের বিষয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি।
এদিকে দক্ষিণাঞ্চলের অন্তত নয়টি নদীতে পানির উচ্চতা বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে। বরিশাল, বরগুনা ও পটুয়াখালীর নদীগুলোর পানি আশঙ্কাজনক হারে বাড়ছে। বরিশাল পানি উন্নয়ন বোর্ডের তথ্য অনুযায়ী, ১২টি পয়েন্টের মধ্যে ৬টিতে পানি বিপৎসীমা অতিক্রম করেছে।
বরিশাল আবহাওয়া অফিস জানিয়েছে, বঙ্গোপসাগরে লঘুচাপের ফলে সাগর ও নদী উত্তাল রয়েছে। জেলেদের নিরাপদ আশ্রয়ে থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
দৌলতদিয়া-পাটুরিয়া রুট:
পদ্মা নদীর ওপর বৈরী আবহাওয়ার প্রভাব পড়ায় এই রুটেও সকাল ৯টা থেকে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। দৌলতদিয়া লঞ্চঘাটের ব্যবস্থাপক নুরুল আনোয়ার মিলন জানান, বাতাস ও বৃষ্টির কারণে নদী উত্তাল হওয়ায় সতর্কতামূলক পদক্ষেপ হিসেবে লঞ্চ চলাচল বন্ধ রাখা হয়েছে। তবে ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে।
বিআইডব্লিউটিসি সূত্র জানায়, বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ১২টি ফেরি সচল রয়েছে এবং যানবাহনের কোনো জট বা সিরিয়াল নেই।
চাঁদপুর-নারায়ণগঞ্জ রুট:
চাঁদপুর-নারায়ণগঞ্জ নৌরুটে ছোট লঞ্চ চলাচল সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে। চাঁদপুর নদীবন্দরের উপপরিচালক বাবু লাল বৈদ্য জানান, বৈরী আবহাওয়া এবং ২ নম্বর সতর্ক সংকেতের কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
এছাড়া চাঁদপুরের নদ-নদীগুলোর পানি বৃদ্ধি পেয়েছে,সঙ্গে সঙ্গে স্রোত ও ঢেউয়ের তীব্রতাও বেড়েছে।উপকূলীয় এলাকার চর ও দ্বীপাঞ্চলগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেতের আওতায় আনা হয়েছে।
আবহাওয়া পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এসব নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ থাকবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। সতর্ক সংকেত বলবৎ থাকায় জননিরাপত্তার স্বার্থেই এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

মতামত দিন