নিম্নচাপের প্রভাবে মুষলধারে বৃষ্টি, আরও দুইদিন ভোগান্তির শঙ্কা।
ঢাকা,আজ বৃহস্পতিবার ২৯ মে ২০২৫:
ঢাকাসহ দেশের বিভিন্ন অঞ্চলে বৃহস্পতিবার সকাল থেকেই শুরু হয়েছে বৃষ্টি।শুরুতে হালকা থাকলেও পরে তা মুষলধারে রূপ নেয়, যার ফলে ভোগান্তিতে পড়েছে সাধারণ মানুষ।
আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, বঙ্গোপসাগরে সৃষ্টি হওয়া সুস্পষ্ট লঘুচাপটি ঘনীভূত হয়ে নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সারাদেশেই বৃষ্টিপাত শুরু হয়েছে, যা আগামী দুই দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে।
সহকারী আবহাওয়াবিদ আফরোজ সুলতানা গণমাধ্যমকে জানান, উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন উপকূলীয় এলাকায় অবস্থানরত নিম্নচাপের কারণে সমুদ্রবন্দরগুলোকে ৩ নম্বর স্থানীয় সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
চট্টগ্রাম, খুলনা, বরিশাল ও সিলেট বিভাগের বিভিন্ন স্থানে ভারি থেকে অতি ভারি বৃষ্টির পূর্বাভাস দিয়েছে অধিদপ্তর। এতে পাহাড়ি এলাকায় বিশেষ করে চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান ও কক্সবাজার জেলায় পাহাড়ধসের আশঙ্কাও রয়েছে।
অন্যদিকে, দেশের ছয়টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বজ্রবৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, চট্টগ্রাম ও কক্সবাজারের নদীবন্দরগুলোকে ২ নম্বর নৌ-হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।
এছাড়া দেশের অন্যান্য অঞ্চলে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে দমকা হাওয়া বয়ে যেতে পারে বলে জানানো হয়েছে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃষ্টি এবং বৈরী আবহাওয়ার কারণে জনজীবন ব্যাহত হওয়ার পাশাপাশি নৌ ও স্থলপথে যাতায়াতেও বিঘ্ন সৃষ্টি হতে পারে বলে আশঙ্কা করছে সংশ্লিষ্ট মহল।
মতামত দিন