আবহাওয়া
ছবি: সংগৃহীত

সিলেটসহ বিভিন্ন জেলায় ভারী বৃষ্টির শঙ্কা আজ রাতেই।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

বুধবার (২৮ মে) রাতের মধ্যে দেশের বিভিন্ন অঞ্চলে বজ্রপাতসহ মাঝারি থেকে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনার কথা জানিয়েছেন কানাডার সাসকাচুয়ান বিশ্ববিদ্যালয়ের আবহাওয়া ও জলবায়ু গবেষক মোস্তফা কামাল পলাশ। সকালে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ তথ্য জানান।

পোস্টে মোস্তফা কামাল পলাশ বলেন, বঙ্গোপসাগরে সৃষ্ট সুস্পষ্ট লঘুচাপের প্রভাবে আজ দুপুর ২টা থেকে রাত ১২টার মধ্যে দেশের বিভিন্ন জেলায় একাধিকবার বজ্রপাতসহ বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। বিশেষ করে সিলেট বিভাগের সুনামগঞ্জ ও সিলেট জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে বলে তিনি পূর্বাভাস দিয়েছেন।

এছাড়া ময়মনসিংহ বিভাগের নেত্রকোনা ও শেরপুর, এবং রংপুর বিভাগের কুড়িগ্রাম, গাইবান্ধা, লালমনিরহাট ও রংপুর জেলায় রাতের মধ্যে বজ্রপাতসহ হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনার কথা বলেন তিনি।

পোস্টে তিনি আরও উল্লেখ করেন, বুধবার রাতের মধ্যেই রাজধানী ঢাকাতেও ভারী বৃষ্টিপাত হতে পারে।
এই বৃষ্টির ফলে বিভিন্ন অঞ্চলে জলাবদ্ধতা এবং নদ-নদীর পানি বৃদ্ধির আশঙ্কা রয়েছে বলেও জানান গবেষক মোস্তফা কামাল পলাশ।

আবহাওয়ার এমন পূর্বাভাসে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন তিনি।

মতামত দিন