আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে সুস্পষ্ট লঘুচাপ, সমুদ্র ও নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ বুধবার ২৮ মে ২০২৫:

উত্তর-পশ্চিম বঙ্গোপসাগর ও এর সংলগ্ন অঞ্চলে অবস্থানরত একটি লঘুচাপ ধীরে ধীরে সুস্পষ্ট আকার ধারণ করেছে। আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, এটি আরও ঘণীভূত হতে পারে।

এমন পরিস্থিতিতে দেশের সব সমুদ্রবন্দর এবং সংশ্লিষ্ট নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

বুধবার (২৮ মে) সকাল ৯টা থেকে পরবর্তী পাঁচ দিনের জন্য দেওয়া পূর্বাভাস অনুযায়ী,দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু ইতোমধ্যে ঢাকা বিভাগের পূর্বাঞ্চল, বরিশাল, চট্টগ্রাম, সিলেট এবং ময়মনসিংহ বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এর প্রভাবে দেশের বিভিন্ন অঞ্চলে বৃষ্টিপাতের প্রবণতা বেড়েছে।

আবহাওয়া অধিদপ্তর জানায়, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের অধিকাংশ এলাকায় এবং রংপুর ও রাজশাহী বিভাগের কিছু স্থানে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো বৃষ্টি কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি খুলনা, বরিশাল,চট্টগ্রাম ও সিলেটের কোথাও কোথাও মাঝারি থেকে অতি ভারী বর্ষণও হতে পারে।

এই সময় সারাদেশে দিনের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে এবং রাতের তাপমাত্রাও সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

আগামীকাল বৃহস্পতিবার (২৯ মে) সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসেও একই ধরনের আবহাওয়ার পূর্বাভাস দেওয়া হয়েছে। দেশের অধিকাংশ স্থানে বজ্রসহ বৃষ্টিপাতের পাশাপাশি কিছু এলাকায় ভারী বর্ষণের আশঙ্কা করা হচ্ছে।

বর্ধিত ৫ দিনের পূর্বাভাস অনুযায়ী,আগামী কয়েক দিনের মধ্যে বৃষ্টির প্রবণতা কিছুটা কমে আসতে পারে,তবে তাপমাত্রা ধীরে ধীরে বাড়তে পারে।

অন্যদিকে, আজ সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য জারি করা সতর্কবার্তায় বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম এবং কক্সবাজার অঞ্চলে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫-৬০ কিমি গতিতে দমকা বা ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি অথবা বজ্রবৃষ্টি হতে পারে। এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।

আবহাওয়া পরিস্থিতির এমন অগ্রগতির ফলে সংশ্লিষ্ট এলাকাগুলোতে সতর্কতা অবলম্বনের পরামর্শ দিয়েছে আবহাওয়া অফিস।

মতামত দিন