আবহাওয়া
ছবি: সংগৃহীত

দেশের বিভিন্ন অঞ্চলে ভারী বৃষ্টির সম্ভাবনা, পাহাড়ি এলাকায় ভূমিধসের আশঙ্কা।

নিজস্ব প্রতিবেদক:

ঢাকা,আজ মঙ্গলবার ২৭ মে ২০২৫:

সক্রিয় মৌসুমি মেঘমালার প্রভাবে দেশের আট বিভাগের অধিকাংশ এলাকায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টি হতে পারে। পাশাপাশি কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সম্ভাবনাও রয়েছে।

মঙ্গলবার (২৭ মে) বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর এক পূর্বাভাস ও সতর্কবার্তায় জানিয়েছে, বুধবার (২৮ মে) সকাল ১০টা থেকে পরবর্তী ৭২ ঘণ্টা খুলনা, বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের বিভিন্ন এলাকায় ভারী থেকে অতিভারী বৃষ্টিপাত হতে পারে। চট্টগ্রাম, রাঙ্গামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজার জেলার পাহাড়ি এলাকাগুলোতে অতিভারী বৃষ্টির কারণে কোথাও কোথাও ভূমিধসের আশঙ্কা করা হচ্ছে।

এছাড়া সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরগুলোর জন্য দেওয়া পূর্বাভাসে বলা হয়েছে, সাগরে একটি লঘুচাপের সৃষ্টি হতে পারে, যা শক্তি সঞ্চয় করে নিম্নচাপে পরিণত হওয়ার সম্ভাবনা রয়েছে। এ কারণে উপকূলীয় এলাকাগুলোতে বৃষ্টিপাতের প্রবণতা আরও বাড়তে পারে।

বিশেষ করে খুলনা, বরগুনা এবং ভোলা অঞ্চলগুলোর ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিমি বেগে অস্থায়ীভাবে দমকা বা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ জন্য এসব অঞ্চলের নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্ক সংকেত দেখাতে বলা হয়েছে।

আবহাওয়াবিদরা জানান, আবহাওয়ার এমন পরিস্থিতিতে পাহাড়ি অঞ্চলে বসবাসরত মানুষদের সতর্ক থাকার পরামর্শ দেওয়া হচ্ছে। একই সঙ্গে নিম্নাঞ্চলে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ার সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

মতামত দিন