২৮ জেলায় তীব্র ঝড়-বৃষ্টি হতে পারে আজ সন্ধ্যায়।
ঢাকা, আজ সোমবার ২৬ মে ২০২৫:
দেশের অন্তত ২৮টি জেলার ওপর দিয়ে আজ (সোমবার) সন্ধ্যার মধ্যেই ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি বা বজ্রপাত বয়ে যেতে পারে বলে জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।
সন্ধ্যা ৭টার মধ্যে এসব এলাকার কোথাও কোথাও তীব্র ঝড়ের আশঙ্কা রয়েছে।
ঝড়-বৃষ্টির সম্ভাব্য এলাকা:
চাঁদপুর, শরীয়তপুর, মাদারীপুর, খুলনা, গোপালগঞ্জ, বগুড়া, টাঙ্গাইল, নেত্রকোনা, ময়মনসিংহ, সুনামগঞ্জ, জামালপুর, শেরপুর, সিলেট, কিশোরগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জ, বরিশাল, কুমিল্লা, ফেনী, নোয়াখালী, মুন্সীগঞ্জ, চট্টগ্রাম, রাঙামাটি, বান্দরবান, নারায়ণগঞ্জ, গাজীপুর, ঢাকা ও মানিকগঞ্জ জেলার কিছু কিছু স্থানে ঝড়-বৃষ্টির আশঙ্কা করা হচ্ছে।
এছাড়া আবহাওয়ার ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু বাংলাদেশের চট্টগ্রাম বিভাগ পর্যন্ত অগ্রসর হয়েছে। এটি আরও বিস্তার লাভের উপযোগী পরিবেশ বিরাজ করছে। পূর্বাভাসে আরও বলা হয়েছে, আগামী ২৭ মে’র মধ্যে উত্তর বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।
এই অবস্থায় রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক জায়গায় এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টি হতে পারে। সেইসঙ্গে কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অফিস সাধারণ জনগণকে প্রয়োজনীয় সতর্কতা অবলম্বনের অনুরোধ জানিয়েছে। বিশেষ করে বজ্রপাতের সময় খোলা মাঠ ও উঁচু গাছপালার আশেপাশে অবস্থান থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হয়েছে।
মতামত দিন