রাত ৯টার মধ্যে ১৬ জেলার ওপর দিয়ে বয়ে যেতে পারে ঝোড়ো হাওয়াসহ বজ্রবৃষ্টি।
দেশের উত্তর ও পূর্বাঞ্চলের অন্তত ১৬টি জেলার কিছু এলাকায় আজ রাত ৯টার মধ্যে দমকা হাওয়া,বজ্রবৃষ্টি ও বজ্রপাতের আশঙ্কা রয়েছে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
রোববার (২৫ মে) সন্ধ্যায় সংস্থাটির ফেসবুক পেজে দুটি পৃথক সতর্কবার্তায় এ পূর্বাভাস দেওয়া হয়।
প্রথম সতর্কবার্তায় বলা হয়, গাইবান্ধা, কুড়িগ্রাম, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, রাঙামাটি,বান্দরবান, ঠাকুরগাঁও ও ফেনী জেলার কিছু স্থানে রাত ৯টার মধ্যে ঝড়ো হাওয়ার পাশাপাশি বজ্রবৃষ্টি ও বজ্রপাতের সম্ভাবনা রয়েছে।
অন্যদিকে দ্বিতীয় সতর্কবার্তায় বলা হয়, একই সময়সীমার মধ্যে রংপুর, দিনাজপুর, নওগাঁ, জামালপুর, শেরপুর, জয়পুরহাট, কিশোরগঞ্জ ও চাঁপাইনবাবগঞ্জ জেলার কিছু অংশেও একই ধরনের পরিস্থিতি দেখা দিতে পারে।
এ ছাড়া সোমবার সকাল ৯টা পর্যন্ত পূর্বাভাসে আরও বলা হয়, রংপুর, রাজশাহী, ময়মনসিংহ ও সিলেট বিভাগের অনেক স্থানে এবং ঢাকা, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। কোথাও কোথাও ভারী বর্ষণেরও আশঙ্কা রয়েছে।
আবহাওয়া অধিদপ্তর ঝড়-বৃষ্টি চলাকালে জনগণকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে।
মতামত দিন