আবহাওয়া
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড় ‘শক্তি’ মোকাবিলায় ভোলায় ব্যাপক প্রস্তুতি।

বঙ্গোপসাগরে তৈরি হওয়া ঘূর্ণিঝড় ‘শক্তি’ শক্তিশালী হওয়ার সম্ভাবনা রয়েছে। এ ঘূর্ণিঝড় মোকাবিলায় ভোলা জেলা প্রশাসন ইতোমধ্যেই ব্যাপক ব্যবস্থা নিয়েছে।

শনিবার (২৪ মে) সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির এক জরুরি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে জেলা প্রশাসক মো. আজাদ জাহান জানান, ঝড় মোকাবিলায় জেলার বিভিন্ন এলাকায় ৮৬৯টি আশ্রয়কেন্দ্র এবং ১৪টি মাটির কেল্লা প্রস্তুত রাখা হয়েছে। পাশাপাশি সিপিপি ও রেডক্রিসেন্টের ১৩ হাজার ৮০০ জন স্বেচ্ছাসেবী কাজে নিয়োজিত থাকবে।

তিনি জানান, ঝড় মোকাবিলায় আগাম, চলাকালীন ও পরবর্তী সময়ে কার্যকর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। ৯৭টি মেডিকেল টিম প্রস্তুত রয়েছে এবং চাল, শুকনো খাবারসহ অন্যান্য জরুরি সামগ্রী মজুত রাখা হয়েছে। বিশেষ করে বিচ্ছিন্ন দ্বীপের বাসিন্দাদের সুরক্ষার জন্য ব্যবস্থা নেওয়া হয়েছে।

জেলা প্রশাসক আরও বলেন, সরকারি কর্মকর্তাদের ছুটি বাতিল করা হয়েছে এবং পুলিশ, কোস্টগার্ড,নৌপুলিশ ও ফায়ার সার্ভিসসহ অন্যান্য সংশ্লিষ্ট সংস্থার সদস্যদের সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। তিনি আশ্বস্ত করেন যে, ঝড়ের প্রভাব কমাতে সর্বোচ্চ প্রস্তুতি গ্রহণ করা হয়েছে।

মতামত দিন