আবহাওয়া
ছবি: সংগৃহীত

১২ জেলায় সন্ধ্যা ৭টার মধ্যে ঝড়-বৃষ্টির আশঙ্কা, দেশের আট বিভাগে বজ্রবৃষ্টির পূর্বাভাস।

দেশের অন্তত ১২টি জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝড়ো হাওয়ার সঙ্গে বৃষ্টি  কিংবা বজ্রসহ বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

শুক্রবার (২৩ মে) সন্ধ্যা ৭টার মধ্যে এসব এলাকার জন্য সতর্কতা জারি করা হয়েছে।

ঝড়ো হাওয়ার সময় বাইরে চলাফেরা না করার আহ্বান জানিয়েছে কর্তৃপক্ষ।

আবহাওয়া অফিস জানায়, ঝড়-বৃষ্টির সম্ভাব্য জেলা হচ্ছে—শেরপুর, ময়মনসিংহ, নেত্রকোনা, পাবনা, নাটোর, টাঙ্গাইল, গাজীপুর, কুষ্টিয়া, যশোর, গোপালগঞ্জ, মেহেরপুর ও চুয়াডাঙ্গা।

এদিকে শুক্রবার সকাল ৯টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রংপুর, রাজশাহী, ঢাকা, ময়মনসিংহ ও সিলেট বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ বিদ্যুৎ চমকানো অথবা হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে।

পাশাপাশি সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে এবং রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে বলেও জানানো হয়েছে পূর্বাভাসে।

মতামত দিন