আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও বাড়াচ্ছে পাকিস্তান।

ভারতের জন্য আকাশসীমা বন্ধ রাখার সিদ্ধান্ত আরও এক মাসের জন্য বাড়াতে যাচ্ছে পাকিস্তান। আগামী সপ্তাহ থেকে এই নিষেধাজ্ঞা কার্যকর হবে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যমগুলো।

রোববার (১৮ মে) পাকিস্তানি দৈনিক দ্য নিউজ-এর বরাতে জিও নিউজ এ প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়, বর্তমান নিষেধাজ্ঞার মেয়াদ শেষ হওয়ার আগেই এর সময়সীমা বাড়ানোর আনুষ্ঠানিক প্রক্রিয়া শুরু করবে পাকিস্তান।

এর আগে গত ২৩ এপ্রিল জম্মু ও কাশ্মীরের পেহেলগামে পর্যটকদের ওপর সন্ত্রাসী হামলায় ২৬ জন নিহত হওয়ার পর ভারত একতরফাভাবে পাকিস্তানের জন্য তার আকাশসীমা এক মাসের জন্য বন্ধ করে দেয়।পাল্টা পদক্ষেপ হিসেবে পাকিস্তানও ২৪ এপ্রিল থেকে ভারতের জন্য নিজ আকাশসীমা বন্ধ করে দেয়, যা ২৩ মে পর্যন্ত কার্যকর থাকবে।

তবে আন্তর্জাতিক বেসামরিক বিমান চলাচল সংস্থার (আইসিএও) নিয়ম অনুযায়ী, কোনো দেশ একটানা এক মাসের বেশি সময় আকাশসীমা বন্ধ রাখতে পারে না। সেই কারণে পাকিস্তানের বিমান চলাচল নিয়ন্ত্রক  কর্তৃপক্ষ খুব শিগগিরই নতুন একটি ‘নোটিশ টু এয়ার মেন’ (NOTAM) জারি করবে।

দ্য নিউজ-এর এক সূত্র জানিয়েছে, “যে পরিস্থিতির কারণে পাকিস্তান প্রথমে আকাশসীমা বন্ধের সিদ্ধান্ত নেয়, তার কোনো ইতিবাচক পরিবর্তন ঘটেনি। তাই নিষেধাজ্ঞার মেয়াদ বাড়ানো হচ্ছে।”

উল্লেখ্য, ২৪ এপ্রিল পাকিস্তানের জাতীয় নিরাপত্তা কমিটির (NSC) বৈঠকে ভারতের ওপর আকাশপথে নিষেধাজ্ঞার সিদ্ধান্ত চূড়ান্ত করা হয়েছিল।

বিশ্লেষকরা বলছেন, পাকিস্তানের আকাশসীমা ব্যবহার করে প্রতিদিন গড়ে ২০০ থেকে ৩০০ ভারতীয় বিমান ইউরোপ, মধ্যপ্রাচ্য ও উত্তর আমেরিকায় যাতায়াত করে। ফলে এ নিষেধাজ্ঞা ভারতীয় বিমান চলাচলে বড় ধরনের বাধা তৈরি করতে পারে।

মতামত দিন