ভারত-পাকিস্তান সংঘাতে শিথিলতা: যুক্তরাষ্ট্র- যুক্তরাজ্যের মধ্যস্থতায় স্থায়ী শান্তির চেষ্টা।
ভারত ও পাকিস্তানের সংঘাত পরিস্থিতিতে শিথিলতা, যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্যের মধ্যস্থতায় স্থায়ী সমাধানের পথে।
ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সংঘাতময় পরিস্থিতি কিছুটা শান্ত হয়েছে।
শনিবার (১৭ মে) ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি এ তথ্য জানিয়েছেন। বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদনে বিষয়টি বলা হয়েছে।
প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, পাকিস্তান দাবি করেছে, দক্ষিণ এশিয়ার পারমাণবিক শক্তিধর দুই প্রতিদ্বন্দ্বীর দীর্ঘকালের মধ্যে সবচেয়ে তীব্র উত্তেজনার অবসানে যুক্তরাষ্ট্র, ব্রিটেনসহ অন্যান্য দেশ গুরুত্বপূর্ণ ভূমিকা নিয়েছে। গত ১০ মে দুই দেশের মধ্যে কূটনৈতিক প্রচেষ্টায় যুদ্ধবিরতি চুক্তি স্বাক্ষরিত হয়।
তবে কূটনীতিক ও বিশ্লেষকরা বলেন, এই যুদ্ধবিরতি যে কখনো ভঙ্গ হতে পারে, সে আশঙ্কা থেকে যায়।
দুই দিনের সফর শেষে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি জানান, “আমরা ভারত ও পাকিস্তানের মধ্যে আস্থা বৃদ্ধি এবং স্থায়ী যুদ্ধবিরতি প্রতিষ্ঠার জন্য যুক্তরাষ্ট্রের সঙ্গে যৌথভাবে কাজ করছি। দীর্ঘদিন ধরে দুই প্রতিবেশীর মধ্যে যোগাযোগ অনেকটাই কমে গেছে। আমরা চাই, তাদের মধ্যে আর কোনো উত্তেজনা না থাকে এবং যুদ্ধবিরতি স্থায়ী হয়।”
এর আগে জম্মু-কাশ্মীরের পেহেলগামে বন্দুক হামলায় ২৬ পর্যটক নিহত হওয়ার পর ভারত পাকিস্তানকে দায়ী করে ক্ষেপণাস্ত্র হামলা চালায়। পাকিস্তান ওই অভিযোগ প্রত্যাখ্যান করেছে।
ল্যামি বলেন,“আমরা দুই দেশের নেতাদের আলোচনার টেবিলে নিয়ে আসার মাধ্যমে সংঘাত বন্ধ ও স্থায়ী শান্তি প্রতিষ্ঠায় কাজ করে যাচ্ছি।”
যুদ্ধবিরতির পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও বলেছেন, ভারত ও পাকিস্তানের আলোচনাগুলো একটি তৃতীয় দেশেই হওয়া উচিত। তবে এখনো এর স্থান ও তারিখ চূড়ান্ত হয়নি।
মতামত দিন