গাজার মানবিক বিপর্যয় নিয়ে নেতানিয়াহুকে কড়া বার্তা যুক্তরাষ্ট্রের।
ইসরায়েলি আগ্রাসনে গাজায় সৃষ্ট মানবিক বিপর্যয় নিয়ে তেলআভিভকে কঠোর বার্তা দিয়েছে যুক্তরাষ্ট্র।মার্কিন পররাষ্ট্রমন্ত্রী ও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা মার্কো রুবিও জানিয়েছেন, গাজায় চলমান সংকট ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে সরাসরি আলোচনা করেছেন তিনি।
শুক্রবার (১৬ মে) তুরস্ক সফরে থাকা অবস্থায় দেশটির পর্যটন শহর আন্তালিয়ায় সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়ে রুবিও বলেন, “গাজার মানুষ কী ভয়াবহ অবস্থার মধ্য দিয়ে যাচ্ছে, তা আমাদের অজানা নয়। আমি ইতোমধ্যে প্রধানমন্ত্রী নেতানিয়াহুকে বলেছি, এই মানবিক বিপর্যয় যুক্তরাষ্ট্রের পক্ষেও বেদনাদায়ক। হামাসকে নির্মূল করাটা অবশ্যই গুরুত্বপূর্ণ,তবে তার মানে এই নয় যে দিনের পর দিন,মাসের পর মাস গাজার মানুষ সীমাহীন কষ্ট সয়ে যাবে। এটি কোনোভাবেই গ্রহণযোগ্য নয়।”
উল্লেখ্য, গত ১ মার্চ থেকে গাজায় খাদ্য ও ত্রাণবাহী ট্রাক প্রবেশ বন্ধ রেখেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী।ফলে সেখানে ভয়াবহ খাদ্য, পানি ও ওষুধ সংকট দেখা দিয়েছে। আন্তর্জাতিক সম্প্রদায়ের চাপের মুখেও এখনও ত্রাণ চলাচলে ছাড় দিচ্ছে না ইসরায়েল।
নেতানিয়াহু দাবি করেছেন, গাজায় ত্রাণ প্রবেশ করলে তা হামাস লুটপাট করে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করতে পারে। এ বিষয়ে জানতে চাইলে মার্কো রুবিও বলেন, “এই আশঙ্কা একেবারে ভিত্তিহীন নয়।তবে আমরা একটি পরিকল্পনা গ্রহণ করেছি, যার মাধ্যমে ত্রাণ এমনভাবে বিতরণ করা হবে— যাতে হামাসের পক্ষে তা ছিনতাই করা সম্ভব না হয়।”
তিনি আরও জানান, যুক্তরাষ্ট্র খুব শিগগিরই এই পরিকল্পনা বাস্তবায়ন শুরু করবে।
মতামত দিন