আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

ভারত-পাকিস্তান যুদ্ধবিরতি বাড়ল ১৮ মে পর্যন্ত।

পারমাণবিক শক্তিধর পাকিস্তান ও ভারতের মধ্যে চলমান যুদ্ধবিরতির মেয়াদ ১৮ মে পর্যন্ত বাড়ানো হয়েছে। বৃহস্পতিবার (১৫ মে) পাকিস্তানের সিনেটে ভাষণ দেওয়ার সময় দেশটির উপ-প্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী  ইসহাক দার এ তথ্য জানান।

খবর ডনের।

তিনি বলেন,যুদ্ধবিরতি বৃদ্ধির সিদ্ধান্ত আসে দুই দেশের সামরিক বাহিনীর মহাপরিচালকদের (ডিজিএমও) মধ্যে আনুষ্ঠানিক যোগাযোগের পর। পাশাপাশি খুব শিগগিরই ভারত-পাকিস্তান রাজনৈতিক সংলাপেও বসতে পারে বলে ইঙ্গিত দেন দার।

ইসহাক দার জানান, ১০ মে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী তাঁকে জানান যে, ভারত যুদ্ধবিরতির জন্য প্রস্তুত। সে সময় পাকিস্তানের ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ শেষ পর্যায়ে থাকায় ইসলামাবাদও যুদ্ধবিরতিতে সম্মত হয়। তবে তিনি জোর দিয়ে বলেন, “পাকিস্তান কারও কাছে যুদ্ধবিরতির অনুরোধ করেনি।”

উল্লেখ্য,কাশ্মীরের পেহেলগামে সন্ত্রাসী হামলার ঘটনার জেরে পাকিস্তানকে দায়ী করে ‘অপারেশন সিন্দুর’ চালায় ভারত।এতে পাকিস্তানে বহু বেসামরিক হতাহত হওয়ার পাশাপাশি বেশ কিছু স্থাপনা ধ্বংস হয়।পাল্টা জবাবে পাকিস্তান ‘অপারেশন বুনিয়ান-উম-মারসুস’ শুরু করে। ইসলামাবাদ দাবি করেছে, এতে ভারতের অন্তত ২৬টি সামরিক স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে।

টানা চার দিন ধরে চলা সংঘাতের পর গত ৯ মে যুদ্ধবিরতির ব্যাপারে সম্মত হয় দু’দেশ। এরপর ১২ মে ভারত ও পাকিস্তানের সামরিক কর্মকর্তারা হটলাইনে যোগাযোগ করে ১৪ মে পর্যন্ত যুদ্ধবিরতি বাড়ানোর সিদ্ধান্ত নেন। সর্বশেষ জানা গেল, তা আরও চার দিন বাড়িয়ে ১৮ মে পর্যন্ত বহাল রাখা হয়েছে।

মতামত দিন