দুই হাজার কাশ্মীরি আটক, অজানা গণকবরের দাবি পাকিস্তানের।
ভারতের অধিকৃত জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের চিত্র জাতিসংঘে তুলে ধরলেন পাকিস্তানের প্রতিনিধি।
ভারতের অবৈধ দখলে থাকা জম্মু ও কাশ্মীরে মানবাধিকার লঙ্ঘনের গুরুতর চিত্র জাতিসংঘে তুলে ধরেছেন পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি অ্যাম্বাসাডর আসিম ইফতিখার আহমদ।
জাতিসংঘ নিরাপত্তা পরিষদের এক ব্রিফিংয়ে দেওয়া বক্তব্যে আসিম ইফতিখার বলেন, ভারত দীর্ঘদিন ধরে পরিকল্পিতভাবে কাশ্মীরিদের আত্মনিয়ন্ত্রণের অধিকার হরণ করছে। এর অংশ হিসেবে তারা গণহারে গ্রেফতার, জোরপূর্বক গুম এবং বিচারবহির্ভূত হত্যাকাণ্ড চালিয়ে যাচ্ছে।
তিনি আরও বলেন, গত কয়েক বছরে কাশ্মীর অঞ্চলে অসংখ্য অজানা ও অচিহ্নিত গণকবরের সন্ধান পাওয়া গেছে, যা দখলদার ভারতীয় বাহিনীর মানবাধিকার লঙ্ঘনের গভীর প্রমাণ। পাকিস্তানি প্রতিনিধি অভিযোগ করেন, ভারতীয় বাহিনী সাধারণ কাশ্মীরি নাগরিকদের অপহরণ করে, নির্যাতন চালায় এবং কখনও কখনও আদালতের বাইরেই হত্যা করে।
নিখোঁজদের পরিস্থিতিকে গভীর সংকট হিসেবে চিহ্নিত করে আসিম ইফতিখার এই বিষয়ে জরুরি তদন্ত এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানান। তিনি জোর দিয়ে বলেন, এই ভয়াবহ মানবাধিকার লঙ্ঘন বন্ধে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখনই এগিয়ে আসতে হবে এবং শান্তিপূর্ণভাবে কাশ্মীর সংকটের সমাধান নিশ্চিত করতে হবে।
মতামত দিন