আন্তর্জাতিক
ছবি: সংগৃহীত

সৌদি থেকে ১৬ মাসে ৫ হাজারের বেশি পাকিস্তানি ভিক্ষুক বহিষ্কার।

গত ১৬ মাসে সৌদি আরব ভিক্ষাবৃত্তির অভিযোগে ৫ হাজারের বেশি পাকিস্তানিকে বহিষ্কার করেছে। একই অভিযোগে আরও পাঁচ দেশ থেকে মোট ৩৬৯ জন পাকিস্তানিকে গ্রেফতার করে নিজ দেশে ফেরত পাঠানো হয়েছে।

পাকিস্তানি সংবাদমাধ্যম দ্য ডন-এর বরাতে এ তথ্য জানানো হয়েছে।

বুধবার (১৪ মে) পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশনে পিপিপির সংসদ সদস্য সেহার কামরানের প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী মহসিন নকভি এসব তথ্য তুলে ধরেন।

সরকারি হিসাব অনুযায়ী, ২০২৪ সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত সৌদি আরব, ইরাক, মালয়েশিয়া,ওমান, কাতার ও সংযুক্ত আরব আমিরাত (ইউএই) থেকে মোট ৫ হাজার ৪০২ জন পাকিস্তানিকে ভিক্ষাবৃত্তির অভিযোগে বহিষ্কার করা হয়েছে। এর মধ্যে চলতি বছরের প্রথম চার মাসেই ৫৫২ জন পাকিস্তানে ফিরে এসেছেন।

যদিও সংসদ সদস্য সেহার কামরান গত তিন বছরের তথ্য জানতে চেয়েছিলেন, স্বরাষ্ট্রমন্ত্রী শুধুমাত্র সর্বশেষ ১৬ মাসের পরিসংখ্যান উপস্থাপন করেন।

প্রদেশভিত্তিক বিশ্লেষণে দেখা গেছে, বহিষ্কৃতদের মধ্যে সর্বাধিক ২ হাজার ৭৯৫ জনই সিন্ধু প্রদেশের বাসিন্দা। এরপর পাঞ্জাব থেকে ১ হাজার ৪৩৭ জন, খাইবার পাখতুনখোয়া থেকে ১ হাজার ২ জন,বেলুচিস্তান থেকে ১২৫ জন, আজাদ কাশ্মির থেকে ৩৩ জন এবং ইসলামাবাদ থেকে ১০ জন রয়েছেন।

বিদেশে কর্মসংস্থান কিংবা ভ্রমণের উদ্দেশ্যে যাওয়া অনেক পাকিস্তানির ভিক্ষাবৃত্তিতে জড়িয়ে পড়া পাকিস্তানের ভাবমূর্তিতে নেতিবাচক প্রভাব ফেলছে বলে মনে করছেন বিশ্লেষকরা।

মতামত দিন